
সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথ ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সোয়া ৩টায় এই ঘটনা ঘটেছে।
উক্ত ঘটনায় রোববার রাতে ওসমানীনগর থানায় ব্যাংকটির শেরপুর নতুন বাজার শাখা ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে এতে কাউকে অভিযুক্ত করা হয়নি। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিকদের প্রকাশ্যে কোন বক্তব্য দেয়নি।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেরপুর শাখার নিচতলায় ব্যাংকের একটি এটিএম বুথ রয়েছে। রোববার রাত সোয়া ৩টার দিকে উক্ত বুথে মুখোশ ধারী চারজন প্রবেশ করে বুথের নিরাপত্তাকর্মী জাকারিয়াকে (২৩) মারধর করে দুই হাত ও মুখ স্কচটেপ বেঁধে ও গলায় চুরি ধরে জিম্মি করে। এরপর তারা এটিএম বুথের মেশিনটি শাবল দিয়ে ভেঙে মোট ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়।
আজ সোমবার দুপুরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানা-পুলিশ, সিআইডি, পিআইবি ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সাংবাদিক পরিচয় পেয়ে দ্রুত তারা বুথের সাটার (দরজা) নামিয়ে দেন। বুথের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকে প্রবেশ করতে চাইলে সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেননি ব্যাংক কর্তারা।
পরে ভয়েস রেকর্ড ও ভিডিও ধারণ না করার শর্তে কথা বলেন শাখা ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন জানান, ‘এটিএম বুথের ভেতরে পাঁচটি ও বাইরে (বুথ সংলগ্ন) তিনটি সিসি ক্যামেরা সচল রয়েছে। মুখোশধারী চারজন দুষ্কৃতকারী বুথের ভেতর প্রবেশ করে ভেতরে থাকা একমাত্র নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে সিসি ক্যামেরায় কালি ছিটিয়ে দেয়। এতে ফুটেজ ঝাপসা হয়ে গেলে তারা বুথ ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায়।’ তবে বাইরে থাকা তিনটি সিসি ক্যামেরার ফুটেজের ব্যাপারে তাঁর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরিচয় গোপন রাখার শর্তে এক ব্যবসায়ী জানান, শেরপুর বাজার কমিটির এক নৈশপ্রহরী ভোর পৌনে চারটার দিকে বুথের পার্শ্ববর্তী ঢাকা-সিলেট মহাসড়কে হেলমেট পরিহিত তিন যুবককে মোটরসাইকেলে বসে থাকতে দেখেন। হঠাৎ পেছন থেকে আরও একজন দৌড়ে এসে মোটরসাইকেলটি উঠলে চারজন মৌলভীবাজারের দিকে চলে যায়। এ সময় শেরপুর টোল প্লাজার সামনে থানা-পুলিশের একটি ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আবদুল সালাম নামের এক চাকরিজীবী বলেন, প্রায়ই রাত ১০টার পর বুথে গেলে ভেতর থেকে বুথ বন্ধ পাওয়া যায়। বুথের নিরাপত্তাকর্মী ভেতর থেকে গ্লাসের দরজা বন্ধ করে শুয়ে পড়েন। কেউ প্রয়োজনে ‘নক’ করলে তিনি বুথের দরজা খুলে দেন। ঘটনার রাতে নিরাপত্তাকর্মী ভেতর থেকে তাঁদের দেখার কথা। কোনো সন্দেহ হলে তিনি তাঁর সঙ্গে থাকা মোবাইল দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করতে পারতেন। কিন্তু চারজন মুখোশধারীকে দেখার পরেও গভীর রাতে বুথের দরজা খুলে দেওয়ার ব্যাপারটি সন্দেহজনক মনে হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ডাকাতরা ওই নিরাপত্তাকর্মীর মোবাইলটিও ছিনিয়ে নেয়নি বা সিমকার্ডও অকেজো করেনি। বুথের নিরাপত্তাকর্মী স্থানীয় পূর্ব তাজপুরের বাসিন্দা হওয়ায় ডাকাতির ঘটনায় তিনিও সন্দেহের বাইরে নন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, ঘটনাটি অবশ্যই রহস্যজনক। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদসহ পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেছি। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্তে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।

ফেরত বাংলাদেশিরা বিদেশে যাওয়ার আশায় দালাল ও অনলাইনের মাধ্যমে প্রতারকদের প্রলোভনে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরে ভারতের কলকাতায় ঘোরাফেরার সময় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দমদম...
৩৩ মিনিট আগে
জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৩৫ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মারধরের অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ (আনু) ও রুহুল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে পুলিশ।
৪০ মিনিট আগে
স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচারব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি রেস্টুরেন্টে আয়োজিত জেলা এনসিপির ইফতার মাহফিলে...
১ ঘণ্টা আগে