সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

সিলেট নগরীর একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। আজ রোববার বিকেলে নগরীর দক্ষিণ সুরমার ফেমাস মার্কেটের মেসার্স জাকির ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ বিকেলে দক্ষিণ সুরমার ফেমাস মার্কেটের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে একাধিক ফার্মেসির ব্যবসায়ী দোকানের শাটার নামিয়ে বন্ধ করে সেখান থেকে চলে যান। পরে বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালানো হয়।
অভিযানে মেসার্স জাকির ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ পাওয়া যায়। এ কারণে ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ওই ফার্মেসিতে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এ ছাড়া সেখানে কিছু সরকারি ওষুধ পাওয়া যায়, যেগুলো বিক্রি করা আইনত নিষিদ্ধ। এ কারণে ফার্মেসিটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।









