কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম রতনকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামি খলিলুর রহমানকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এর আগে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খলিলুর রহমান উপজেলার শিবু কুটিরপাড় এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে নিজ বাড়ির সামনে ফখরুল আলম রতনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মি আক্তার বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, উপজেলার শিবু কুটিরপাড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে নয়ন গ্রুপ ও কোহিনুর গ্রুপের মধ্যে হামলা ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটেছিল। দুই পক্ষের লোকজনের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।
ওসি আরও জানান, পূর্বশত্রুতার জের ধরে কোহিনুর গ্রুপের লোকজন ফখরুল আলম রতনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি খলিলুর রহমানকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর মামলার অন্য আসামিরা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ওসি।









