পরিচালকের অপসারণ দাবি: ১২ ঘণ্টার আলটিমেটাম শেষে বেরোবির শারীরিক শিক্ষা দপ্তরে তালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের অপসারণের দাবিতে দপ্তরে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত শারীরিক শিক্ষা দপ্তরে তালা দেন তাঁরা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশন (ব্রুসা) ও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। এর আগে ব্রুসার ফেসবুক পেজ থেকে আজ দুপুর ১২টার মধ্যে পরিচালককে অপসারণের দাবিতে ১২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল।
শিক্ষার্থীদের অভিযোগ, শারীরিক শিক্ষা দপ্তরের মতো গুরুত্বপূর্ণ বিভাগে একজন শিক্ষককে পরিচালক হিসেবে নিয়োগ না দিয়ে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা অসন্তোষ প্রকাশ করে আসছেন। গত সপ্তাহে ওই কর্মকর্তাকে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা।
দপ্তরে তালা দেওয়ার পর ব্রুসার সভাপতি মনিবুর রহমান মিতু বলেন, ‘আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তাঁরা আমাদের আশানুরূপ কোনো ফলাফল দেয়নি। আজকে কথা বলার পরও প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা আগে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলাম। সেই সময় পেরিয়ে যাওয়ায় শারীরিক শিক্ষা দপ্তরে তালা লাগিয়ে দিয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে।’
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উপগ্রন্থাগারিক মো. মামদুদুর রহমানকে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁর নিয়োগের পর থেকেই শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে আসছেন এবং তাঁকে অপসারণের দাবি জানিয়ে আসছেন। সম্প্রতি উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাদের মধ্যে সংঘটিত মারামারির ঘটনায়ও অন্যতম অভিযুক্ত হিসেবে তাঁর নাম এসেছে।









