Ajker Patrika

‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’—ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’—ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
ওসি আতিকুর রহমান ও ছাত্রলীগ নেতা রাকায়েদ হোসেন রুকু। ছবি: সংগৃহীত

‘ডিসেম্বরের পরও আপনাদের চাকরি করতে হবে’—রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোনে এমন কথা বলে হুমকি দিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতা রাকায়েদ হোসেন রুকু।

এ-সংক্রান্ত ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অডিওতে ওসির সঙ্গে ফোনালাপে রুকুকে মোহনপুরে ছাত্রলীগের মিছিল, নেতা-কর্মীদের হয়রানি এবং আগামী ডিসেম্বরের পরের পরিস্থিতি নিয়ে কথা বলতে শোনা যায়।

ছড়িয়ে পড়া অডিওতে রুকুকে প্রথমে ওসির খোঁজখবর নিতে শোনা যায়। ওসি আতিকুর রহমান জানান, তিনি নতুন যোগ দিয়েছেন। ৪ নভেম্বর মোহনপুর থানায় দায়িত্ব নিয়েছেন। এরপর রুকু নিজেকে ওই এলাকার একজন পরিচিত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘আপনি আমাদের এলাকায় অতিথি হিসেবে চাকরি করতে এসেছেন। আমরা অতিথির সম্মান করতে চাই।’

রুকু বলেন, মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে, এ মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের পরও পুলিশ কর্মকর্তাদের এখানে চাকরি করতে হবে। এ সময় তিনি ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে হয়রানি না করার জন্য ওসিকে অনুরোধ করেন। জবাবে ওসি বলেন, ‘হয়রানি না তো ভাই, মোহনপুর ছোটখাটো এলাকা। এসব করে লাভ হবে না।’

এরপর রুকু পুলিশ সদস্যদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, শেখ হাসিনার আমলে পুলিশ যতটা নিরাপদে ছিল, বর্তমান সরকারের আমলে সেই নিরাপত্তা আছে কি না, তা ওসিকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। বাংলাদেশকে এ অবস্থা থেকে মুক্ত করার কথাও বলেন তিনি।

ফোনালাপের একপর্যায়ে রুকু বলেন, ‘আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই। আমাদের সহযোগিতা করেন। কিন্তু আমাদের কোনো কর্মীকে যদি অযথা হয়রানি করেন ভাই, আমি ক্লিয়ার বলি—আপনাকে ডিসেম্বরের পরে চাকরি করতে হবে। আপনাকে কিন্তু আবার আমি মোহনপুর থানায় আনব।’

শেষে ওসিকে সম্মান করার কথা জানিয়ে ধন্যবাদ দিয়ে ফোনালাপ শেষ করেন রুকু। এ বিষয়ে বক্তব্য জানতে মোহনপুর থানার ওসি আতিকুর রহমানকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত আছেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফোন করে বিভিন্ন স্থানে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সুপার ছুটিতে আছেন। তিনি ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত