Ajker Patrika

জুলাইয়ে ভুয়া মামলা ফেঁসে যাচ্ছেন বাদী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
জুলাইয়ে ভুয়া মামলা ফেঁসে যাচ্ছেন বাদী
শাহজাহান আলী।

জুলাই অভ্যুত্থানের পর মামলা করা হয়েছিল। অভিযোগে বলা হয়েছিল, বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তবে পুলিশ তদন্ত করে এর কিছুই পায়নি। এমনকি বাদীর বাড়ির আশপাশের কোনো বাসিন্দাও এমন বিস্ফোরণ, লুটপাটের কথা জানেন না।

এমন মামলা করে এখন উল্টো মামলার মুখে পড়তে যাচ্ছে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার সুলতানাবাদ মহল্লার বাসিন্দা ও শ্রমিকদল নেতা শাহজাহান আলী।

ফলে মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সম্প্রতি সব আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন পুলিশের তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের কারণে বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। সে অনুযায়ী আদালত বাদীকে হাজির হওয়ার জন্য সমনও জারি করেছেন বলে জানা গেছে।

জানা যায়, শ্রমিকদল নেতা শাহজাহান আলী ২০২৪ সালের ১৯ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার আসামি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মোমিন, নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, নগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় প্রতিহিংসার বশবর্তী হয়ে আসামিরা শাহজাহানের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে ভাঙচুর, লুটপাট ও বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

জুলাই আন্দোলনকেন্দ্রিক মামলা হওয়ায় আরএমপি গুরুত্ব বিবেচনায় মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) ওপর তদন্তের দায়িত্ব ন্যস্ত করে। কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে সর্বশেষ মামলাটির তদন্ত করেন ডিবির উপপরিদর্শক (এসআই) শাহ আলী মিয়া। তদন্ত কার্যক্রম তদারকি করেন ডিআইজি পদমর্যাদার আরএমপির সাবেক অতিরিক্ত কমিশনার নাজমুল হোসেনসহ পুলিশের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁরাও একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত শেষে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা কোনো প্রতিবেশীই ঘটনার দিন ও সময়ে বাদীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানাননি। আর বাদীকে ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির করতে বলা হলে তিনিও তা পারেননি। বাদীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ২১১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলী মিয়া সোমবার দুপুরে বলেন, সব আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দায়েরের কারণে বিধি অনুযায়ী বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে বাদী শাহজাহান আলীর মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত