
রাজশাহীর গোদাগাড়ীর শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে পুলিশ খুঁজছে। তাঁকে ধরতে ইতিমধ্যে বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে তাঁকে পাওয়া যায়নি। পুলিশ যাওয়ার আগেই তিনি বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাঁকে যেকোনো মূল্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।
‘মাদকমুক্ত থানা গড়ার লক্ষ্যে’ গত মঙ্গলবার গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় মাদক সিন্ডিকেটের সদস্যদের নিয়ে হাজির হয়েছিলেন হেরোইন মাফিয়া জাহাঙ্গীর আলম। এতে অস্বস্তিতে পড়েন অনেকেই। সভায় মাদক কারবারিদের উপস্থিতির বিষয়টিও একজন বক্তার বক্তব্যে উঠে আসে।
এ নিয়ে গত বৃহস্পতিবার আজকের পত্রিকায় ‘মাদক নির্মুল সভায় কারবারি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। এ বিষয়ে নড়েচড়ে বসে পুলিশ। ডিআইজি মোহাম্মদ শাহজাহান তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন। শুক্রবার রাতে গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লায় জাহাঙ্গীরের বাড়িতে অভিযানে যায় পুলিশ। গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মির্জা মো. আব্দুস ছালাম নিজেই এই অভিযানে নেতৃত্ব দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের আগেই জাহাঙ্গীর বাড়ি ছেড়ে পালিয়ে যান। তাঁর বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হলেও তাঁকে বা কোনো অবৈধ বস্তু পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং-সংক্রান্ত অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম গোদাগাড়ী থানার তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর বাবা নওশাদ আলী ওরফে নওশাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বর্তমানে ওয়ার্ড বিএনপির সভাপতি।
স্থানীয় সূত্রের দাবি, জাহাঙ্গীর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকাশ্যে চলাফেরা শুরু করেন। এলাকায় প্রচার রয়েছে, তিনি অথবা তাঁর বাবা ভবিষ্যতে গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী। অভিযোগ রয়েছে, বর্তমানে তিনি স্থানীয় মাদক সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় তিনটি মাদক মামলা, একটি অস্ত্র মামলা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা এবং যশোর কোতোয়ালি থানায় একটি মাদক মামলা রয়েছে। এসব মামলায় হেরোইন, ইয়াবা ও অস্ত্র উদ্ধারের অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে জাহাঙ্গীর মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। তাঁর বিরুদ্ধে বিলাসবহুল বাড়ি, গরু-মহিষের খামার, ট্রাক, ফ্ল্যাট, জমিসহ বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘জাহাঙ্গীর আলম থানার তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁকে গ্রেপ্তারের জন্য ডিআইজি মহোদয় নির্দেশ দিয়েছেন। সার্কেল এএসপির নেতৃত্বে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছে, তবে তাঁকে পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে