Ajker Patrika

যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৯: ১১
যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী
শুক্রবার বিকেলে নেছারাবাদের সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বক্তব্য দেন গণপূর্ত প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

যুবসমাজকে অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সুস্থ ও স্বাভাবিক জীবনে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। তিনি বলেন, যুবসমাজই দেশের চালিকাশক্তি। তাই লেখাপড়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ব্যাপক অবদান রাখা হয়েছে। খেলাধুলার প্রসারে তাঁদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতা এগিয়ে নিচ্ছেন। খেলাধুলাকে শুধু শখের বিষয় হিসেবে নয়, বরং মর্যাদাপূর্ণ ও স্থায়ী পেশা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন নীতিগত পদক্ষেপ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।

শুক্রবার বিকেলে নেছারাবাদের সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বক্তব্য দেন গণপূর্ত প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা
শুক্রবার বিকেলে নেছারাবাদের সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বক্তব্য দেন গণপূর্ত প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

তিনি আরও বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে। ক্রিকেটে বাংলাদেশ বিশ্বে বিশেষ পরিচিতি অর্জন করেছে। একইভাবে ফুটবলেও বাংলাদেশ একদিন আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে শুক্রবার সকালে প্রতিমন্ত্রী উপজেলার নাপিতখালী এলাকায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দেন।

পরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন এবং সম্ভাব্য প্রকল্পের স্থান ঘুরে দেখেন। সর্বশেষ উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত রেস্টহাউসের উদ্বোধন করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত