
পাবনার সুজানগরে নকল ইনজেকশন পুশ করায় নিভে গেল এক কলেজছাত্রীর প্রাণ। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নাম ব্যবহার করে নকল ইনজেকশন বিক্রির অভিযোগে সাঁথিয়ার কাশিনাথপুরের কাওসার ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মৃত্যুবরণকারী কলেজছাত্রী রিপা (২৩) সুজানগর উপজেলার দুলাই গ্রামের আব্দুর রহমানের মেয়ে এবং এডওয়ার্ড কলেজের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, রিপা টাইফয়েডে আক্রান্ত হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চিকিৎসক ডা. ইলিয়াস হোসেন তাঁকে স্কয়ার কোম্পানির ‘সেফট্রিয়োন ২ গ্রাম আই.ভি’ ইনজেকশন পুশ করার পরামর্শ দেন। ওই পরামর্শ অনুযায়ী ২০ মে দুলাই বাজারের ‘মেডিসিন পয়েন্ট’ ফার্মেসি থেকে ইনজেকশনটি কেনা হয়। সেটির ব্যাচ নম্বর ছিল ৭ ডিজিটের।
পরদিন ২১ মে সকালে দ্বিতীয়বার ইনজেকশন পুশ করার পরপরই রিপা মারা যান। এরপর তদন্তে দেখা যায়, দ্বিতীয় ইনজেকশনের ব্যাচ নম্বর ৮ ডিজিটের, যা স্কয়ার কোম্পানির মূল ব্যাচ নম্বরের সঙ্গে মেলে না। এতে নকল ইনজেকশনের বিষয়টি স্পষ্ট হয়।
‘মেডিসিন পয়েন্ট’-এর বিক্রয় প্রতিনিধি মৃদুল জানান, ইনজেকশনটি স্কয়ার কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হাবিবুর রহমান সরবরাহ করেছিলেন, যিনি সেটি কাওসার ফার্মেসি থেকে সংগ্রহ করেন।
ঘটনার পর স্কয়ার ফার্মাসিউটিক্যালস ২২ মে বিষয়টি পাবনা জেলার ড্রাগ সুপার রোকনুজ্জামানকে জানায়। তিনি তাৎক্ষণিকভাবে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। ওই দিন সন্ধ্যায় নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাওসার ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
তদন্তে আরও জানা গেছে, কাওসার ফার্মেসি নিয়মিতভাবেই কম দামে কোম্পানির বাইরের বিভিন্ন লটে ওষুধ সংগ্রহ করে এবং তা উচ্চমূল্যে বিক্রি করে থাকে।
রিপার কাকা ইমরান খান বলেন, ‘মাত্র জরিমানা নয়, এমন প্রতারণামূলক ব্যবসা বন্ধ করা জরুরি। আমরা কাওসার ফার্মেসির লাইসেন্স বাতিলের দাবি জানাই।’
এদিকে স্কয়ার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘মৃত্যুর কারণ যে ইনজেকশনটি, সেটি আমাদের তৈরি নয়। আমাদের কোম্পানির নাম ও ডিজাইন নকল করে এটি তৈরি করা হয়েছে।’
পাবনা ড্রাগ সুপার রোকনুজ্জামান বলেন, ‘ফার্মেসির মালিককে জরিমানা করা হয়েছে এবং স্কয়ারের এসআর হাবিবুর রহমানের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রয়োজনে ছাত্রীর পরিবার আইনি সহায়তা নিতে পারে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা কাওসার ফার্মেসিতে অভিযান চালাই। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সর্বোচ্চ জরিমানা আদায় করা হয়েছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২২ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে