ছাত্রীকে ধর্ষণচেষ্টার খবরে মাদ্রাসায় ভাঙচুর-আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

পাবনা সদর উপজেলার একটি মহিলা মাদ্রাসার শিক্ষক আবু ইউসুফের (৪৫) বিরুদ্ধে এক ছাত্রীকে (১৭) যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার সকালে ওই মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসায় গতকাল বৃহস্পতিবার রাতে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এ সময় নিজেকে রক্ষায় গভীর রাতে মাদ্রাসা থেকে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় ওই ছাত্রী। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গতকাল রাতেই স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আজ শুক্রবার সকালে বিক্ষুব্ধ লোকজন মাদ্রাসায় ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, বর্তমানে অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।









