
পাবনার সুজানগর উপজেলায় একটি কবরস্থান থেকে অন্তত ২১টি খুলি, কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার আমিনপুর থানার বিরাহিমপুর কবরস্থানে কঙ্কাল চুরির খবর জানাজানি হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে কবর জিয়ারত করতে যান মৃত ব্যক্তিদের স্বজনেরা। কবরস্থানের ওপরের মাটি ও বাঁশের চাটাই সরানো দেখে সন্দেহ হয় তাঁদের। এ সময় তাঁরা ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে পান, কবর খোঁড়া। ভেতরে কঙ্কাল নেই। পরে চুরির ঘটনা সবার মধ্যে জানাজানি হয়। খবর পেয়ে কবরস্থান পরিদর্শন করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, গত রাতের কোনো একসময় সংঘবদ্ধ চক্র এই কবরস্থান থেকে অন্তত ২১টি মাথার খুলি, কঙ্কাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে চোর চক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের আত্মীয়-স্বজনকে কবরস্থানে দাফন করা হয়েছে। আমরা প্রতি শুক্রবার ভোরে ফজর নামাজের পর কবর জিয়ারত করতে আসি। আজকে এসে দেখি, বিভিন্ন কবরস্থান খোঁড়া, বাঁশের চাটাই সরানো। পরে ভেতরে দেখতে পাই কঙ্কাল নেই, মাথার খুলি বেশির ভাগ নেই। আমাদের ধারণা, একটি সংঘবদ্ধ চক্র মাথার খুলিগুলো চুরি করে নিয়ে গেছে।’
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ওই কবরস্থানটি পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। চক্রটিকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।’
উল্লেখ্য, এর আগে একই উপজেলার খাস আমিনপুর ও সাঁথিয়া উপজেলার রাজাপুর এলাকার দুটি কবরস্থান থেকে একইভাবে বেশ কিছু কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে