
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের আটবাড়িয়া ব্রিজটির বেহাল দশা। প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্রিজটিতে চলাচল করছে সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহনগুলো। ভাঙাচোরা ব্রিজ পারাপারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পড়েছেন একলাশপুর ও শরীফপুর ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, ব্রিজটির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বরাদ্দ ফেলে এটি পুনর্নির্মাণে কাজ শুরু করা হবে।
সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নোয়াখালী খালের ওপর আটবাড়িয়া ব্রিজটি নির্মাণ করা হয়। মূলত একলাশপুর ও শরীফপুর ইউনিয়নের লোকজনের যাতায়াতের সুবিধার জন্য এটি নির্মাণ করা হয়। দুটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ প্রতিদিন জেলা শহর মাইজদী ও বাণিজ্যক কেন্দ্র চৌমুহনীতে যাতায়াত করে। একটা সময় ব্রিজটির ওপর দিয়ে ছোট-বড় সব ধরনের গাড়ি চলাচল করত। কিন্তু গত ৩-৪ বছর ধরে ব্রিজটির রেলিং, পলেস্তরাসহ বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় সেটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সবশেষ গত আগস্ট-সেপ্টেম্বরের বন্যা ও দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতার কারণে ব্রিজটির অবস্থা আরও নড়বড়ে হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক দিন পর পর সড়ক থেকে ব্রিজে সংযোগের দুই পাশের মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়। স্থানীয় লোকজন নিজ উদ্যোগে কিছু মাটি দিয়ে গর্ত ভরাট করে মোটামুটি চলাচলের উপযোগী করে নেন। প্রতিদিন ব্রিজের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সিএনজি, অটোরিকশা, রিকশা, সাইকেলসহ ছোট যানবাহন।
স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন বলেন, জেলা শহর বা চৌমুহনী যাওয়ার মতো কাছাকাছি বিকল্প কোনো সড়ক বা ব্রিজের ব্যবস্থা না থাকায় এই ব্রিজ দুই ইউনিয়নের লোকজনের একমাত্র যাতায়াতের মাধ্যম। ব্রিজের দুই পাশে স্কুল, মাদ্রাসা, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকার কারণে কোমলমতি শিশু, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করে।
শরীফপুর ইউনিয়নের মনির হোসেন নামের এক বাসিন্দা বলেন, ‘ব্রিজের পূর্ব পাশে বড় ধরনের কোনো সরকারি স্থাপনা, অফিস বা হাসপাতাল নেই। তাই বাধ্য হয়ে পরিবারের কেউ অসুস্থ হলে আমাদের শহরমুখী হতে হয়। জেলার শহরের বড়-বড় হাসপাতাল মাইজদী ও চৌমুহনীতে হওয়ায় আমাদের সেখানে যেতে হয়। কিন্তু নোয়াখালী খালের ওপর ব্রিজটির অবস্থা খারাপ হওয়ায় অ্যাম্বুলেন্স বা রোগী পরিবহনকারী কোনো বড় গাড়ি পূর্ব পাশের কোনো গ্রামে আসতে পারে না। তাই অসুস্থ রোগীদের প্রথমে পূর্ব পাশ থেকে একটি গাড়ি করে ব্রিজ পর্যন্ত নিয়ে গিয়ে পশ্চিম পাশ থেকে অন্য গাড়িতে তুলে হাসপাতালে নিতে হয়। যার ফলে অনেক সময় রোগীদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে যায়।’
দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ করার দাবি পূর্ব শরীফপুর, সোনাপুর, খানপুর গ্রামসহ একলাশপুর ও শরীফপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসেন বলেন, ‘ইতিমধ্যে আমাদের একটি টিম ব্রিজটি পরিদর্শন করেছে।’ ব্রিজটি ঝুঁকিপূর্ণ স্বীকার করে তিনি বলেন, ‘এটির বিষয়ে কাজ করার জন্য একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এটির কাজ শুরু করা হবে।’

সাতক্ষীরার শহরতলির তালতলা এলাকার বিসমিল্লাহ ফুডসের কর্মচারী কোহিনুর খাতুনকে হত্যার ঘটনায় মালিক আব্দুস সোবহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের লস্করপাড়াস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
মিল্লার দেবীদ্বারে কৃষি অধিদপ্তরের সাবেক উপপরিচালক, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ এম এ আউয়াল মোল্লার (৭৬) জানাজা নামাজ চলাকালীন মুসল্লিদের পকেট থেকে অন্তত ১০টি মোবাইল চুরির ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত দুই পেশাদার চোরকে জানাজাস্থল থেকে আটক করে উপস্থিত লোকজন। পরে গণপিটুনি দিয়ে...
২৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে গেলে অভিভাবকেরা তাঁকে আটকানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান।
২৮ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ওয়াসিম নামের এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে...
৩৭ মিনিট আগে