
নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন বন্ধুকে গুলি করে হত্যার মামলায় দুই সহোদরসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং তাঁদের বাবাসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অন্তপুর গ্রামের কুদরত উল্যার ছেলে ওমর নাসির সাজু ও ওমর শরীফ সুলতান এবং নোয়াখালী পৌরসভার শান্তিনগর এলাকার তোফায়ের আহাম্মদের ছেলে মো. সৌরভ।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন অন্তপুর গ্রামের কুদরত উল্ল্যা, নুরুল ইসলাম ফারুকের ছেলে ফিরোজ মাহমুদ বাপ্পী এবং মোহাম্মদ উল্যার ছেলে হারুনুর রশিদ বাবুল।
খালাস পাওয়া আসামিরা হলেন ফয়সাল মাহমুদ রাব্বী ও মামুন। রায় ঘোষণার সময় কারাগারে থাকা একমাত্র আসামি ফিরোজ মাহমুদ বাপ্পী আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাফাক্কার হোসেন মো. খায়রুল ওয়ালা।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২১ মার্চ দুপুর ২টার দিকে আসামি সৌরভ নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাসের পাশের একটি পুকুরে কুকুরকে গোসল করাতে নিয়ে যান। পুকুরে কুকুর গোসল করানোকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের সঙ্গে সৌরভের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়।
ঘটনার দিন সন্ধ্যায় সালিসি বৈঠকের কথা ছিল। তবে সালিসে যাওয়ার আগে দণ্ডপ্রাপ্ত আসামিরা রাজীব, ওয়াসিম ও ইয়াছিনকে ধাওয়া করে মারধর করেন। পরে তিনজন একটি দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকে তাঁদের লক্ষ্য করে গুলি করা হয়।
গুলিতে রাজীব ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ওয়াসিম ও ইয়াছিনকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরাও মারা যান।
এ ঘটনায় নিহত রাজীবের মা কামরুন নাহার বেগম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলায় আটজনকে আসামি করা হয়।
দীর্ঘ প্রায় ১০ বছর পর ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
রায়ে ওমর নাসির সাজু, ওমর শরীফ সুলতান ও মো. সৌরভকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফিরোজ মাহমুদ বাপ্পী, কুদরত উল্যাহ ও হারুনুর রশিদ বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. বরুত উল্যাহ রাসেদ। তিনি বলেন, ‘কারাগারে থাকা একমাত্র আসামি ফিরোজ মাহমুদ বাপ্পীর উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে। মামলার অপর পাঁচ আসামি পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।’
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শামসুদ্দিন।

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
৯ মিনিট আগে
যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, একাধিক তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) জনবল ও অবকাঠামোর সংকট শিগগিরই সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, এবার স্বাস্থ্য খাতে বেশি বাজেট বরাদ্দ রয়েছে। জনবল কাঠামোর প্রস্তাব পাঠানো হয়েছে। এটা হয়তো শিগগিরই আমরা...
২৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। পরবর্তী সময়ে যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, জনগণ রাজপথে নেমে এসেছে, আন্দোলন করেছে, বারবার গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছে। এখন হচ্ছে আমাদের দেশ গঠন করার সময়। বাংলাদেশের ২০ কোটি মানুষকে সচেতন থাকতে হবে। সতর্ক থাকতে হবে।’
১ ঘণ্টা আগে