Ajker Patrika

সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্স: বেলা ১টা বাজতেই ছুটির আমেজ, সব সেবা বন্ধ

• বেলা ১টায় রোগী দেখা বন্ধ করেন চিকিৎসকেরা।

• দূরদূরান্ত থেকে আসা রোগীরা ফিরে যান।

মো. রেজা মাহমুদ, সৈয়দপুর
সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্স: বেলা ১টা বাজতেই ছুটির আমেজ, সব সেবা বন্ধ
ছবি: সংগৃহীত

‘মুই গেরামত থাকো। এক শ টাকা খরচ করি ডাক্তার দেখির আসনু, রাস্তাত জ্যামের জন্য পহনচিতে ১টা ৬ মিনিট বাজি গেইছে। হাসপাতালের মানসি কয়ছে ১টা বাজি গেইলে আর টিকিট দেওন যাইবে না।’ কথাগুলো বলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসা কেতাব উদ্দিন (৫৫) নামের এক রোগী। তিনি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বাসিন্দা।

ঘড়ির কাঁটায় বেলা ১টা বাজতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ায় কেতাব উদ্দিনের মতো দূর থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।

জানা যায়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের পরিপত্র অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসমূহে বহির্বিভাগ সকাল ৮টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত রোগী দেখার সময়। অফিস কার্যক্রম চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। কিন্তু সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই নিয়ম মানা হচ্ছে না। বেলা ১টা বাজতেই হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

গত মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, ঘড়ির কাঁটায় বেলা ১টা বাজতেই ফাঁকা হতে শুরু হয় স্বাস্থ্য কমপ্লেক্স। রোগী দেখা বন্ধ করে দেন চিকিৎসকেরা। টিকিট কাউন্টার ও ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দূরদূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা না পেয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন।

উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল হাই বলেন, ‘দুই দিন থেকে গলাব্যথায় ভুগছি। অনেক দূর থেকে এসেছি। জরুরি ভিত্তিতে ডাক্তার দেখানো দরকার ছিল। কিন্তু টিকিট না দেওয়ায় চিকিৎসক দেখাতে পারলাম না। এত দূর থেকে এসে এখন চিকিৎসা না নিয়েই ফিরে যেতে হচ্ছে।’ একই ভোগান্তির কথা জানান ফরিদা ও বিনা নামের আরও দুই রোগী। তাঁরাও দূর থেকে চিকিৎসা নিতে এসে টিকিট না পেয়ে ফিরে যান। তাঁদের অভিযোগ, অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে এসেও চিকিৎসা পাচ্ছেন না।

এ সময় টিকিট কাউন্টারে অবস্থানকারী ফার্মাসিস্ট আতিকা আঞ্জুম ও অফিস সহকারী রেখা জানান, সিভিল সার্জন বেলা ১টার মধ্যে টিকিট কার্যক্রম ও রোগী দেখা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এ কারণে ১টার পর আর কোনো রোগীকে টিকিট দেওয়া হয় না।

তবে ভিন্ন কথা বলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুন্নাহার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত রোগীদের সেবা দিতে হবে। যাঁরা ১টার মধ্যে বন্ধের কথা বলেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

নীলফামারীর সিভিল সার্জন মো. আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৮টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত রোগী থাকলে সেবা দিতে হবে। বহির্বিভাগ আড়াইটা পর্যন্ত খোলা রাখতে হবে এবং রোগী যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত সেবা

দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত