প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে প্রস্তুতি, বালুচাপা দেওয়া হলো ময়লার ভাগাড়

প্রধানমন্ত্রীর রংপুরে আগমন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে দীর্ঘদিনের পুরোনো ময়লার ভাগাড় বালুচাপা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা শহরের বিভিন্ন রাস্তাঘাটের আশপাশে জমে থাকা ময়লাও সরানোর উদ্যোগ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন, বছরের পর বছর ময়লা পড়ে থাকলেও তা অপসারণে কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
আগামী মঙ্গলবার নীলফামারী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখান থেকে রংপুর নগরীর রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশে রওনা হবেন। বেলা ১১টার দিকে মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন।
আজ রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর শহরের টার্মিনাল এলাকা থেকে বিমানবন্দরে যাওয়ার পথে পার্বতীপুর সড়কের বিভিন্ন স্থানে ময়লার স্তূপের ওপর বালু ফেলে ঢেকে দেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়সংলগ্ন পৌরসভার ভাগাড়টিও বালু দিয়ে ঢেকে দেওয়ায় আগের তুলনায় কিছুটা পরিচ্ছন্ন দেখাচ্ছে। সৈয়দপুর বিমানবন্দর থেকে এই সড়ক দিয়েই রংপুরে যাবেন প্রধানমন্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে শহরের বাসাবাড়ি, হাসপাতাল ও হোটেল থেকে সংগ্রহ করা বর্জ্য ওই স্থানে স্তূপ করে রাখা হচ্ছিল। উন্মুক্ত স্থানে বর্জ্য পড়ে থাকায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়াত। এতে পথচারী, সড়ক ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সড়কের পাশ থেকে ভাগাড় সরানোর দাবি জানিয়ে আসছিলেন তাঁরা। তবে দীর্ঘদিনেও এ বিষয়ে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ রোববার সকাল থেকে ভাগাড়ের কিছু ময়লা সরিয়ে বালু দিয়ে ঢেকে দেওয়ার কাজ শুরু হয়। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এখানে ময়লা-আবর্জনা না ফেলার দাবি জানিয়ে আসছি। দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছিল। পৌরসভা কর্তৃপক্ষ এত দিন কার্যকর ব্যবস্থা নেয়নি। এখন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জায়গাটি পরিষ্কার করে বালু ফেলা হচ্ছে।’
পথচারী মাহবুবার রহমান বলেন, ‘এই সড়ক দিয়ে চলাচলের সময় দুর্গন্ধে নাক চেপে রাখতে হতো। শহরের বিভিন্ন জায়গার ময়লা এনে এখানে স্তূপ করে রাখা হতো। আজ পৌরসভা কর্তৃপক্ষ পরিষ্কার করছে। এভাবে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হলে আমাদের চলাচলে সুবিধা হবে।’
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, ‘প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। আমরা পৌরসভা কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা পরিষ্কার করছি। পাশাপাশি বিভিন্ন জায়গার রং ও ডিভাইডার মেরামত করছি। এ ছাড়া যেসব স্থানে ময়লার স্তূপ রয়েছে, সেগুলো বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।’









