
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক রোমন মিয়া (৩৪) নেত্রকোনার মদন উপজেলার হাসকুরি গ্রামের সবুজ মিয়ার ছেলে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, ময়মনসিংহগামী একটি ট্রাক উপজেলার ইসবপুরের পালেরঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় একটি ট্রাকের চালক রোমন মিয়া স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন কেটে নিহত চালকের মরদেহ উদ্ধার করেন।
এদিকে স্থানীয় লোকজন গুরুতর আহত অপর ট্রাকের চালক ও তাঁর হেলপারকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পর দুটি ট্রাক মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক দুটি সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, নিহত ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ও বিপ্লব নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ হাজার ৩৬০টি ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। জব্দ করা হয়েছে তাঁদের ব্যবহৃত জিপ গাড়িটিও।
২ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
২০ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত করা বা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। কেউ কেউ এখনো সেই প্রবণতা ধরে রাখতে চাইছেন।
১ ঘণ্টা আগে
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস করে এক মাদক কারবারিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তথ্যদাতা (সোর্স) মো. শাওন কাজী (২৫) গ্রেপ্তার হয়েছেন। পরে তার ভাড়া বাসা থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগে