Ajker Patrika

ছয় দাবিতে নেত্রকোনায় ইউএনও অফিসের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি
ছয় দাবিতে নেত্রকোনায় ইউএনও অফিসের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকেরা। একপর্যায়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের থানা মোড় থেকে চাঁনপুর মোড় পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

কর্মসূচিতে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নাগরিকেরা অংশ নেন। পরে তাঁরা একটি বিক্ষোভ মিছিল করে ইউএনওর কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জমি দখল, খেলার মাঠের সংকট এবং আশপাশের পরিবেশের নানা সমস্যার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও বিকাশ ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠের বিকল্প নেই। একই সঙ্গে বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় জমি নিশ্চিত করা জরুরি।

কর্মসূচি থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—অবৈধ দখলে থাকা বিদ্যালয়ের জমি দ্রুত উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর, নিরাপদ ও উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত করা, বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণ ও আইনি সুরক্ষা, বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মিল-কারখানার দূষণ বন্ধ করা।

ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত