
ভুয়া বিল-ভাউচারে নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয় থেকে টাকা উত্তোলনের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সাড়ে পাঁচ লাখ টাকা উত্তোলনের এই সংবাদ প্রকাশ হলে তদন্তের উদ্যোগ নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আজ রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মোহা. নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ ডিসেম্বর বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সরঞ্জাম কেনার জন্য ৫ লাখ ৬১ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। এতে বিদ্যালয়ের সায়েন্স ল্যাবের নানা রাসায়নিক, বইপুস্তক, গবেষণা সরঞ্জামাদি, শিক্ষা উপকরণ, ক্রীড়াসামগ্রীসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করার কথা ছিল।
সর্বনিম্ন দরদাতা হিসেবে গত ২২ ডিসেম্বর কার্যাদেশ পায় নেত্রকোনার মেসার্স ইউনিপ্যাক এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানকে সাত দিনের মধ্যে উপকরণ সরবরাহ করতে বলা হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আল আমিন নামের এক ব্যক্তি।
এদিকে সরঞ্জামাদি বুঝে নিতে নিয়মানুযায়ী বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমন্বয়ে কয়েকটি উপকমিটি গঠন করা হয়। কিন্তু প্রধান শিক্ষকের সঙ্গে সমঝোতা করে সরঞ্জামাদি না কিনেই ভুয়া বিল-ভাউচার জমা দেন ঠিকাদার। আর ক্রয়সংক্রান্ত উপকমিটির সদস্যদের কাছ থেকে সরঞ্জামাদি বুঝে পাওয়ার স্বাক্ষর নেওয়া হয়।
পরে সমঝোতায় ঠিকাদারকে সরবরাহের প্রত্যয়ন দেন প্রধান শিক্ষক। ওই প্রত্যয়ন জমা দিয়ে হিসাবরক্ষণ অফিস থেকে চলতি বছরের ১১ জানুয়ারি ভ্যাট-ট্যাক্স বাদে ৪ লাখ ৮০ হাজার ২৫৫ টাকা বিল তুলে নেন ঠিকাদার। ফলে সরঞ্জামাদি থেকে বঞ্চিত হয় বিদ্যালয়টি।
নিয়মানুযায়ী, দরপত্র আহ্বান করা হলে সেই অনুযায়ী নির্দিষ্ট সরঞ্জামাদি বিদ্যালয়ে সরবরাহ করবেন ঠিকাদার। পাশাপাশি সরবরাহ করা সরঞ্জামাদির বিল-ভাউচার জমা দেবেন। তবে সেসব সরঞ্জামের পরিবর্তে ভুয়া বিল-ভাউচার তৈরি করে নগদ টাকা উত্তোলন বিধিবহির্ভূত এবং আত্মসাতের শামিল।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ক্রয়সংক্রান্ত উপকমিটির সদস্য আজিজুল হক বলেন, ‘কমিটির সদস্য হলেও এ বিষয়ে আমি কিছুই জানি না। কোনো মালামালও বুঝে পাইনি। প্রধান শিক্ষকের কথামতো স্বাক্ষর করেছি মাত্র। এ ছাড়া আর কিছু জানি না।’
ঠিকাদার আল আমিন বলেন, ‘যথাযথ নিয়মে কমিটির সামনে সকল সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। পরে তাদের প্রত্যয়ন নিয়ে টাকা উত্তোলন করেছি। নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।’
অপর দিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, ‘বিভিন্ন উপকরণ কেনার দরপত্র হলেও ঠিকাদার কোনো উপকরণ দেয়নি। আমরা নগদ টাকা তুলে নিয়েছি। খেলাধুলা-সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু টাকা খরচ করা হয়েছে। কোনো উপকরণ এখনো কেনা হয়নি। পরে দরকার হলে উপকরণ কেনা হবে।’ বিষয়টি অনিয়ম কি না—জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তাঁর জানা নেই।
মাউশির ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মোহা. নাসির উদ্দীন বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি আমাদের নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ঘটনায় তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ তদন্তের বিষয়ে বিদ্যালয়ে চিঠি পাঠানো হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৭ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে