Ajker Patrika

সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৮: ৪৬
সাংবাদিক আলিফ হত্যা: ময়নাতদন্তে ৬ গুলির আঘাতের চিহ্ন, ভেদ করে বেরিয়েছে ৫টি
ছবি: ফাইল ছবি

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের শরীরে ছয়টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেছে। অপর গুলিটি পিঠের ভেতরে আটকে ছিল, যা ময়নাতদন্তের সময় উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে এসব তথ্য জানান নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ।

ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, আলিফের বুকে তিনটি গুলির আঘাত রয়েছে। এর মধ্যে দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেছে। অপরটি পিঠের ভেতরে আটকে ছিল। এ ছাড়া একটি গুলি কপালের ডান পাশ দিয়ে ঢুকে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। বাকি দুটি গুলির একটি মাথার ওপরের অংশের চামড়া এবং অন্যটি ডান কাঁধের পাশের চামড়া ভেদ করে বেরিয়ে যায়।

ক্ষতের ধরন বিশ্লেষণ করে শ্রদ্ধ্যানন্দ নাথ জানান, শরীরে গুলির প্রবেশ ও বেরিয়ে যাওয়ার চিহ্ন পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলিফকে সামনের দিক থেকে পিস্তল থেকে গুলি করা হয়েছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলায় একটি দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। তিনি বেসরকারি আইপি টেলিভিশন রূপসী বাংলা টিভির নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে।

আজ শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সাধারণ সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা-কর্মী অংশ নেন। তাঁরা আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত