Ajker Patrika

পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
পাঁচ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ
বৃহস্পতিবার ভোরে মীরেরটেক এলাকায় খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাসের যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে এবং সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকায় ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে আসা খড়বোঝাই ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মীরেরটেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছায়। খড় খালাসের অপেক্ষায় ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও সহকারী ভেতরে ঘুমিয়ে পড়েন।

আজ সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকায় ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ছবি: সংগৃহীত
আজ সকাল সোয়া ৯টার দিকে কাঁচপুর ব্রিজ এলাকায় ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ছবি: সংগৃহীত

পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে। এরপর চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে সড়কের পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কাঁচপুর ব্রিজ এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুন লাগার পরপরই বাসের যাত্রীরা দ্রুত নেমে যান। ফলে এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, একই সকালে খড়বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে। এসব ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত