Ajker Patrika

নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলায় আজমেরী ওসমানের সহযোগীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৮: ৩২
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলায় আজমেরী ওসমানের সহযোগীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ শহরের আলোচিত জামাল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাজমুন নাহার সুমি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু (৪৪)। তাঁকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সিলেটের বিয়ানীবাজার এলাকার মো. শরীফ আহম্মেদের ছেলে মো. আকাশ আহম্মেদ (৩৭)। তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ। তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড এলাকার বাসিন্দা মো. কবির হোসেনের ছেলে।

রঞ্জু শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুল হক হান্টু জানান, ২০১১ সালে শহরের প্রেসিডেন্ট রোডের একটি পরিত্যক্ত বাড়িতে সিএনজিচালিত অটোরিকশাচালক জামালকে গলা কেটে হত্যা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হওয়ায় তাঁকে হত্যা করে বস্তাবন্দী অবস্থায় পরিত্যক্ত ডাস্টবিনে ফেলে রাখা হয়।

অ্যাডভোকেট আজিজুল হক হান্টু আরও জানান, এ ঘটনায় মামলা হলে র‌্যাব-১১ গালপোড়া রঞ্জুকে গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্তি পান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত