মান্দায় মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ কিশোর গ্যাংয়ের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের দুই ছেলে ইসলাম বাবু (২১) ও শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোর অপরাধ ও মাদকবিরোধী অভিযান চালায় মান্দা থানা-পুলিশ। এ সময় মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাঁদের কাছ থেকে ৬০টি টাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ তৈরির ওয়াশ, দুটি বার্মিজ চাকু ও মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের নওগাঁ কারাগারে পাঠানো হয়।









