Ajker Patrika

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৭: ৩২
অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক
নিহত নাদিয়া বেগম ও তাঁর স্বামী কাওছার মিয়া। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে নাদিয়া বেগম (১৯) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামে স্বামী কাওছার মিয়ার (২৩) বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে কাওছার ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক।

নিহত নাদিয়া বেগম দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, এক বছর আগে হাতিখলা গ্রামের নূর চানের ছেলে কাওছারের সঙ্গে নাদিয়ার বিয়ে হয়। প্রথম থেকেই তিনি শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন বলে মা-বাবাকে জানিয়েছিলেন। তবে বাবা-মা তাঁকে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

নিহতের মা ময়ফুল বানু বলেন, ‘বুধবার দুপুরে নাদিয়া ফোন করে জানায়, কিছুক্ষণ পর সে আমাদের বাড়িতে আসবে। পরে রাত ৮টার দিকে মেয়েজামাই কাওছারের এক আত্মীয় কল করে নাদিয়ার মৃত্যুর খবর দেন। রাত ৯টার দিকে আমরা গিয়ে শ্বশুরবাড়িতে নাদিয়ার মরদেহ পড়ে থাকতে দেখি। এ সময় অসংখ্য মানুষের ভিড় থাকলেও স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন না। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

নিহত নাদিয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন জানিয়ে তাঁর মা আরও বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। যদি হত্যা না করে থাকে, তাহলে মেয়েজামাইসহ বাড়ির অন্য সদস্যরাও কেন বাড়ি ছেড়ে পালিয়ে গেল?’

থানার পরিদর্শক মশিউর রহমান বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য গৃহবধূর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা ময়ফুল বেগম থানায় অভিযোগ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত