Ajker Patrika

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ২২: ২৪
সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় সৎমেয়েকে ধর্ষণের মামলায় কারাভোগের চার বছর পর প্রতিশোধ নিতে স্ত্রীকে কুপিয়ে এক হাতের কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ওবায়দুল্লাহ সরকার (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মামলা মীমাংসার কথা বলে ওই নারীকে ডেকে এনে তিনি এ হামলা চালান বলে অভিযোগ।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার তারাকান্দা ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওবায়দুল্লাহ ওই গ্রামের তহুর উদ্দিন সরকারের ছেলে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাচ্চু মিয়া বলেন, ওবায়দুল্লাহ প্রায় ২০ বছর আগে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান। ঈদের সময় তিনি বাড়িতে আসতেন। খোঁজ নিয়ে জানা গেছে, ওবায়দুল্লাহ তিনটি বিয়ে করেছেন। তাঁর তৃতীয় স্ত্রীর বাড়ি গাজীপুরের শ্রীপুরে। ওই নারীর আগের স্বামী মারা যাওয়ার পর ওবায়দুল্লাহ তাঁকে বিয়ে করেন। বিয়ের সময় ওই নারীর আগের সংসারে এক কিশোরী মেয়ে ছিল।

অভিযোগ রয়েছে, ওবায়দুল্লাহ তাঁর সৎমেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই নারী তাঁর স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ ওবায়দুল্লাহকে গ্রেপ্তার করে। এরপর ওই নারী মেয়েকে তাঁর বাবার বাড়িতে রেখে বিদেশে চলে যান। চার বছর পর সম্প্রতি তিনি দেশে ফেরেন। এদিকে কারাভোগ শেষে মুক্তি পান ওবায়দুল্লাহও।

স্থানীয়দের ভাষ্য, প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে মামলা মীমাংসার কথা বলে গতকাল বৃহস্পতিবার ওই নারীকে তারাকান্দার গোয়ালকান্দি গ্রামে নিয়ে আসেন ওবায়দুল্লাহ। সন্ধ্যার পর মামলা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওবায়দুল্লাহ দা দিয়ে ওই নারীকে কোপান। এতে তাঁর এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন আহত নারীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

ওসি আব্দুর রাশিদ বলেন, আহত নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা থানায় এলে মামলা নেওয়া হবে। অভিযুক্ত ওবায়দুল্লাহকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত