
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ফিশারির দখলে কার্যত বিলীন হয়ে গেছে। বছরের পর বছর চলা এ দখলদারির ফলে সড়কটি এখন প্রায় সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। এ নিয়ে গত বর্ষা মৌসুমে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৩ সালে এলজিইডির অর্থায়নে প্রায় ২০ ফুট প্রশস্ত একটি সেতু নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই সেতুও অকার্যকর হয়ে পড়ে আছে। সেতুর মুখেই ফিশারি গড়ে তোলায় সরকারি এই স্থাপনা সম্পূর্ণভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, একসময় এই সড়ক দিয়ে ছোট যানবাহনসহ প্রতিদিন শত শত মানুষ চলাচল করত। কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের লাগামহীন ফিশারি বিস্তারের ফলে ধীরে ধীরে সড়কটির অস্তিত্বই মুছে যেতে বসেছে। বর্তমানে সড়কের জায়গা সংকুচিত হয়ে মাত্র কয়েক ফুটে নেমে এসেছে, যা দিয়ে হেঁটে চলাচল করাও অত্যন্ত কষ্টকর। প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় এ দখলদারত্ব চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি এখন চরমে পৌঁছেছে। দ্রুত সড়কটি পুনরুদ্ধার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, প্রায় ১২ হাত প্রশস্ত সড়কের স্থানে এখন নামমাত্র একটি সরু পথ অবশিষ্ট রয়েছে, যা মূলত ফিশারির পাড় হিসেবে ব্যবহৃত হচ্ছে। পথের ওপর কলাগাছ রোপণ এবং ঝোপঝাড় সৃষ্টি করে যেন ইচ্ছাকৃতভাবে জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত করা হয়েছে। সামান্য অসতর্কতায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
কোনাবাড়ী নদীরপাড় সড়ক থেকে প্রায় ৩০০ মিটার পর্যন্ত সড়কটি কোনোভাবে চলাচলযোগ্য থাকলেও এরপর আর সড়কের অস্তিত্ব দৃশ্যমান নয়। সেতুর সামনেই সড়ক দখল করে দুই পাশে ফিশারি গড়ে তুলেছেন স্থানীয় জালাল উদ্দীন ও শহীদুল্লাহ। সুহাগ, মুস্তফা, কৃষিবিদ আনিসুর রহমান, মাসুম বিল্লাহ, সোহেল, আব্দুস ছামাদসহ কয়েকজন সড়কের জায়গা দখল করে ফিশারি স্থাপন করেছেন বলেও জানা গেছে। তাঁরা এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত।
স্থানীয়রা বলেন, এই সড়ক কোনাবাড়ী নদীরপাড় সড়ক থেকে গ্রামের অভ্যন্তরে প্রবেশের একমাত্র সংযোগ পথ। আশপাশে কয়েক হাজার মানুষের বসবাস রয়েছে। পাশাপাশি একটি আলিম মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ঈদগাহ মাঠ থাকলেও গুরুত্বপূর্ণ এই সড়ক এখন কার্যত অচল হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ বলেন, ‘রাস্তা আছিল, এখন নাই। ফিশারি কইরা সব দখল কইরা ফেলছে। আমরা যাইমু কই? সরকারি পুল থাকলেও ব্যবহার করতে পারি না।’
স্থানীয় কৃষক বাবুল মিয়া বলেন, ‘আমাদের উৎপাদিত ফসল বাজারে নিতে চরম ভোগান্তি হচ্ছে। রাস্তা না থাকায় অনেক সময় পণ্য নষ্ট হয়ে যায়। এই অবস্থায় আমরা দিশেহারা।’
কোনাবাড়ী চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কে এম সাইদুল ইসলাম বলেন, ‘ছোট শিশুদের জন্য এই পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন আতঙ্ক নিয়ে তাদের যাতায়াত করতে হয়।’
স্থানীয় ইউপি সদস্য মাহবুবুল আলম পল্টন বলেন, ১৮ ফুট সরকারি হালটের এই সড়কটি দখল হয়ে গেছে। ফিশারির মালিকদের নোটিশ দেওয়া হলেও কোনো পরিবর্তন আসেনি।
স্থানীয় এস এম শাহীন ইসলাম সরকার দখলের বিষয়টি স্বীকার করে বলেন, ‘রাস্তার ধারে আমাদেরও একটি ফিশারি রয়েছে। তবে আমরা ইতিমধ্যে রাস্তা সংস্কারের জন্য ফিশারির পানি নিষ্কাশনে সেলো মেশিন বসিয়েছি।’ আরেক ফিশারির মালিক আব্দুস ছামাদ বলেন, ‘আমাদের পর্যন্ত রাস্তা ঠিক আছে। মানুষ হেঁটে চলাচল করতে পারে। পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় আমরা ফসল করতে না পেরে ফিশারি করতে বাধ্য হয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। তবে ফিশারির কারণে কোনো রাস্তা দখল হয়ে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুততম সময়ের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী করা হবে।’

আহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ, একই গ্রামের ইসলাম মন্ডলের ছেলে কালাম মন্ডলের (৩৫) সঙ্গে হায়দার মুন্সির দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রায় তিন বছর আগে একটি মামলায় তাঁর পক্ষে সাক্ষ্য না দেওয়ায় ক্ষুব্ধ হন কালাম। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে শনিবার সন্ধ্যায় ডেকে নিয়ে কালামের নেতৃত্বে পাঁচ-ছয়জন ধারালো...
৫ মিনিট আগে
শিক্ষকদের দাবি, ২০২২ সালে উপজেলার ১০টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হয়। এসব বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিটি এমপিও ফাইল প্রেরণের জন্য তিনি বারবার মোটা অঙ্কের টাকা আদায় করেন। টাকা না দিলে ফাইল ফেরত দেওয়া বা আটকে রাখার অভিযোগও রয়েছে।
১০ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে মাস দুয়েক আগে পুলিশের তল্লাশিচৌকিতে দায়িত্বরত এক কনস্টেবলকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ ঘটনার তদন্তে নেমে বিদেশি একটি জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি বিচ্ছিন্ন কোনো হামলা ছিল না;
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে আব্দুল করিম (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে এই ঘটনা ঘটে। তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
২ ঘণ্টা আগে