মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাসের ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। আস সোমবার সকালে উপজেলার জামালদী বাস স্ট্যান্ড সংলগ্ন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম গোলজার হোসেন (২৮)। তিনি গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৯টার দিকে অটোরিকশা নিয়ে তেতৈতলা হাঁস পয়েন্ট থেকে জামালদী বাস স্ট্যান্ড যাচ্ছিলেন গোলজার। পথে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে কুমিল্লা থেকে ঢাকাগামী ‘মিয়ামি পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ ছাড়া গুরুতর আহত হন অটোরিকশা চালক গুলজার হোসেন। পরে স্থানীয়রা তাঁকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.এম রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।










