
বত্রিশ লাখ মানুষের জনপদ কিশোরগঞ্জ। জেলাজুড়ে সরকারি সুপেয় পানির কল বা টিউবওয়েল আছে ১৫ হাজার। সরকারি হিসেবে, এই টিউবওয়েলের বিপরীতে সুবিধাভোগী পরিবারের সংখ্যা মাত্র দেড় লাখ। ফলে গ্রামাঞ্চলের একটা বিরাট জনগোষ্ঠীকে এখনো বাধ্য হয়েই নদী, হাওর ও পুকুরের পানির ওপর নির্ভর করতে হয়; যা বেশির ভাগ ক্ষেত্রেই দূষিত। এদিকে পৌর এলাকার এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীও সুপেয় পানির সুবিধাবঞ্চিত। আর স্বাভাবিকভাবেই এই বঞ্চিত জনগোষ্ঠীর বড় অংশই দরিদ্র।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, জেলার ৭ লাখ ৬০ হাজার ৯৫২টি পরিবারের মধ্যে ৩৫ দশমিক ৩ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, যাদের ভাগ্যে জোটে না নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তা। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ সংকট আরও বেড়েছে। অবস্থাপন্ন লোকজন সাব-মারসিবল পাম্পের মাধ্যমে নিজেদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে পারলেও দরিদ্রদের পক্ষে তা সম্ভব হচ্ছে না।
সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের গৃহিণী হেলেনা আক্তার বলেন, ‘সরকার থেইক্যা টিউবওয়েল দেয় শুনছি, কিন্তু আমাগো পাড়ায় একটাও নাই। আধা মাইল দূর থেইক্যা পানি কান্দ (কাঁধে করে) নিয়া আইতে হয়। হেই পানিও যে খুব পরিষ্কার তা না, আয়রন আর বালু ওঠে। নিরুপায় হইয়া এই পানিই খাইতাছি। নিরাপদ পানির অভাবে আমাগো মতো গরিব মাইনষের অসুখ-বিসুখই কপাল।'
তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের গৃহিণী মরিয়ম বেগম বলেন, ‘নদী বা পুকুরের ঘোলা পানি দিয়া রান্ধন-বাড়ন (রান্নাবান্না) করি। হেই পানি দিয়া গোসল করলে শরীলে চুলকানি অয়। সরকার যদি আমাগো এলাকায় পাইপ দিয়া পানির লাইন দিত, তাইলে আমরা একটু শান্তিতে বাঁচতাম। আমাগো তো আর দামি মেশিন (সাব-মারসিবল) বসানোর টাহা নাই।'
করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের দিনমজুর আবদুল বারি বলেন, ‘হাওরের পাড়ে থাহি, চারদিকে পানি দেহি ঠিকই কিন্তু খাওয়ার এক ফোঁটা পানি নাই। আমাগো পাড়ার টিউবওয়েলটা কয়দিন ধইরা অকেজো অইয়া পইড়া আছে, চাড় (চাপ) দিলে খালি বালু আর লাল পানি ওড়ে। বড় লোকেরা সাব-মারসিবল বসাইছে, তারা পানি পায়। কিন্তু আমাগো তো হেই সামর্থ্য নাই। কয়েক ঘর মিলা একজনের বাড়িত থেইক্যা পানি আনি, হেইডাও সব সময় দিতে চায় না।'
চিকিৎসকদের মতে, দরিদ্র মানুষগুলো যখন নিরাপদ পানি পায় না, তখন তারা অনিরাপদ নদী, পুকুর বা কুয়া থেকে পানি সংগ্রহ করে, যা ডায়রিয়া, টাইফয়েড ও চর্মরোগের ঝুঁকি বাড়ায়।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ পৌর এলাকায়ও শতভাগ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। পৌরসভার ৩০ শতাংশ এলাকাই এখনো পানি সরবরাহের আওতায় আসেনি।
কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের টোটাল পৌরসভার এরিয়া হলো ১০ দশমিক ৩৭ বর্গকিলোমিটার। এর মধ্যে প্রায় ৭০% এলাকায় সুপেয় পানির লাইন দেওয়া সম্ভব হয়েছে। যে অংশ বাকি আছে সেটার কারণ হলো, আমাদের পাইপলাইনের সীমাবদ্ধতা। এ ছাড়া কিছু লোক ইচ্ছা করেও পানির লাইন নিচ্ছেন না। এ জন্য আমরা দিতে পারছি না। আর আমাদের ১৪টা ডিপ টিউবওয়েলের সবগুলোর পানিই সুপেয় পানি হিসেবে সরবরাহ করা হচ্ছে।'
পৌরসভা সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়, বর্তমানে দৈনিক তিন বেলা মিলিয়ে মোট পাঁচ ঘণ্টা পানি সরবরাহ করা হয়। পানি উত্তোলনের জন্য সাতটি পাম্প সরাসরি কাজ করছে। মজুত রাখার জন্য রয়েছে চারটি ওভারহেড ট্যাংক, যার মধ্যে দুটির ধারণক্ষমতা ৬৮০ ঘনমিটার এবং অপর দুটির ৬৫০ ঘনমিটার। বর্তমানে পৌরসভার পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার ৩১৫টি পরিবার পানি সুবিধা পাচ্ছে। পৌর এলাকায় ১৫০টি ওয়াটার হাইড্রেন্ট সচল রাখা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, জীবনধারণের জন্য একজনের দৈনিক গড়ে ২০ লিটার পানি প্রয়োজন। সেই হিসাবে কিশোরগঞ্জের ৩২ লাখ মানুষের জন্য প্রতিদিন অন্তত ৬ কোটি ৫৩ লাখ লিটার নিরাপদ পানি অপরিহার্য। এই বিশাল চাহিদা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জেলার জনস্বাস্থ্য পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মুহাম্মদ আবিদুর রহমান ভূইয়া বলেন, ‘নিরাপদ পানির অভাবে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সব থেকে বেশি ঝুঁকিতে পড়ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত সুপেয় পানির নিশ্চয়তা প্রয়োজন।’
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, ‘সুপেয় পানির জন্য কর্তৃপক্ষ এখন হ্যান্ড টিউবওয়েলের পরিবর্তে অগ্রাধিকার ভিত্তিতে সাব-মারসিবল পাম্প বরাদ্দ দিচ্ছে, যদিও তা চাহিদার তুলনায় অপ্রতুল। পানির সমস্যাটি কেবল দরিদ্রদের নয়, বরং পানির স্তর নিচে নামায় ধনী-দরিদ্র নির্বিশেষে হ্যান্ড টিউবওয়েল ব্যবহারকারী সবাই এই টেকনিক্যাল সমস্যার ভুক্তভোগী। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে পৌরসভা স্টাইলে পাইপলাইনের মাধ্যমে গ্রামে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।'
তিনি আরও বলেন, ‘আমাদের নতুন পরিকল্পনা হলো গ্রামাঞ্চলেও পৌরসভার মতো পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা। একটি শক্তিশালী প্রোডাকশন টিউবওয়েল স্থাপন করে সেটি থেকে একাধিক বাড়িতে সংযোগ দেওয়া হবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রজেক্ট) দু-একটি এলাকায় এর কাজ চললেও, শিগগিরই এটি বড় পরিসরে শুরু করার পরিকল্পনা আমাদের রয়েছে।'

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ভাগ্যকূল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
৭ মিনিট আগে
চাঁদপুর শহরের খলিশডুলী এলাকায় অতিরিক্ত মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনাকালে এ জরিমানা করা হয়।
৯ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেলচালকেরা। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর শহরের মোশারফগঞ্জ এলাকায় মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
১৫ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় বিদ্যুৎ-চালিত সেচপাম্পের মোটরে কাপড় পেঁচিয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড চরপালং কীর্তিনাশা নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে