দৌলতপুরে অন্য উপজেলায় সরকারি সার বিক্রির অভিযোগে সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের দৌলতপুরে সরকারি বরাদ্দের সার অন্য উপজেলায় বিক্রির অভিযোগে এক সাব-ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর প্রধান সড়কে এ ঘটনা ঘটে। জরিমানাপ্রাপ্ত সাব-ডিলারের নাম হাবিবুর রহমান হবি। তিনি দৌলতপুরের দীপু ট্রেডার্সের সাব-ডিলার।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের সার পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামের মামুন মিয়ার কাছে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ১১ বস্তা সারবোঝাই ভ্যানটি দেখতে পেয়ে আটক করেন স্থানীয় কৃষক ও লোকজন। পরে তাঁরা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে যান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, সরকারি সার অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক ১১ বস্তা সার উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।









