ধর্মীয় বিতর্কিত বক্তব্যের জন্য ‘আল্লাহর কাছে’ ক্ষমা চাইলেন হুইপ নিজান

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় দেওয়া বক্তব্যের বিতর্কিত অংশের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশকারীদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন তিনি।
আজ শুক্রবার ফেসবুক পোস্টের মাধ্যমে এ বক্তব্য প্রকাশ করেছেন নিজান।
হুইপ নিজান বলেন, ‘আমার বক্তব্যের যে অংশটুকু ধর্মীয়ভাবে বিভিন্ন বিতর্কের জন্ম দেয়, সে অংশটুকুর জন্য আমি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছেও দুঃখ প্রকাশ করছি।’
রামগতি ও কমলনগরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ-তরুণী, বিরোধী রাজনৈতিক দলের নেতা ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে এ বক্তব্য দেন তিনি।
বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন জানিয়ে হুইপ নিজান বলেন, পবিত্র এই স্থানে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যেন তাঁর ঈমান আরও সুদৃঢ় ও মজবুত হয় এবং তিনি সর্বদা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারেন। এ জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
সম্প্রতি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে নিজান বলেন, ‘ভগবানের কাছে প্রার্থনা করি—কেউ আমার সাথে থাকুক আর না থাকুক। ভগবান আমাকে শক্তি ও সামর্থ্য দেন।’ তাঁর এ বক্তব্য নিয়ে সে সময় অনেকেই নানা ধরনের সমালোচনা করেন, অনেকে ক্ষোভ প্রকাশ করেন।









