কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদের অফিস সহায়ক নিহত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তার হোসেন (৫৬) নামে জেলা পরিষদের এক অফিস সহায়ক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলা শহরের শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতালের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন মুক্তার হোসেন। পথে শোলাকিয়া পপুলার হাসপাতালের মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাঝখানে পড়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মুক্তার হোসেনের আকস্মিক মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জেলা পরিষদের স্টেনোগ্রাফার রুপা বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মুক্তার ভাই খুবই ভালো মানুষ ছিলেন। সকালে অফিসে আসার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’









