কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জুনায়েদ আহমেদ (২০) নামের এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়।
জুনায়েদ কুলিয়ারচর পৌর শহরের কামালিয়াকান্দি মহল্লার ফালু মিয়ার ছেলে। পেশায় তিনি ছিলেন ইলেকট্রিশিয়ান। কাজের পাশাপাশি ফুটবল ছিল তাঁর নেশা ও ভালোবাসা। স্থানীয় ফুটবল অঙ্গনে ভালো খেলোয়াড় হিসেবে পরিচিত জুনায়েদ বাজরা ব্রাদার্স ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন জুনায়েদ। একপর্যায়ে জ্বর কমে এলেও গতকাল সন্ধ্যায় হঠাৎ মাথা ঘোরার অনুভূতি হলে তিনি স্থানীয় এক চিকিৎসকের শরণাপন্ন হন। ওই চিকিৎসকের পরামর্শে তাঁকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এরপর পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। তবে পথেই অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়।
জুনায়েদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, বন্ধু, সহকর্মী ও সতীর্থদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গনেও শোকের আবহ তৈরি হয়েছে।
জানা গেছে, গতকাল মাঠে নামার কথা ছিল জুনায়েদের। ডুমরাকান্দায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাজরা ব্রাদার্স ফুটবল একাদশের হয়ে খেলার কথা ছিল তাঁর। সতীর্থদের সঙ্গে ফাইনালে মাঠ মাতানোর অপেক্ষায় থাকা দলটির অধিনায়ক শেষ পর্যন্ত আর মাঠে নামতে পারলেন না। ডেঙ্গুতে তাঁর অকালমৃত্যুতে সতীর্থদের সঙ্গে ফুটবলপ্রেমীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।









