Ajker Patrika

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮: ১২
গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’
খুলনার গল্লামারীতে ময়ূর নদের ওপর নতুন সেতু নির্মাণকাজ পুনরায় চালুর দাবিতে আজ বুধবার অচল কর্মসূচি পালন করেছে ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’। ছবি: আজকের পত্রিকা

খুলনার গল্লামারীতে ময়ূর নদের ওপর নতুন সেতু নির্মাণকাজ পুনরায় চালুর দাবিতে এক ঘণ্টা অচল কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বৃহত্তর আমরা খুলনাবাসী। আজ বুধবার বেলা ১১টার দিকে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তারা অবিলম্বে গুরুত্বপূর্ণ সেতুটির নির্মাণকাজ শেষ করে জনভোগান্তি নিরসনের দাবি জানান। তাঁরা বলেন, নগরীর প্রধান প্রবেশদ্বার গল্লামারী সেতুটি নির্মিত না হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে। তীব্র যানজটে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এ নিয়ে খুলনার বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন দাবি জানালেও সড়ক বিভাগের টনক নড়ছে না।

বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মোহম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর খুলনা নগর সেক্রেটারি জেনারেল জাহাঙ্গীর হোসেন হেলাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা মিজানুর রহমান বাবু, বৃহত্তর উন্নয়ন সংগ্রাম কমিটির নিজামুর রহমান লালু, ইসলামী আন্দোলনের নগর সহসভাপতি শেখ নাসির উদ্দিন, নাগরিক ফোরামে ইকবাল হোসেন তুহিন, এস এম সোহরাব হোসেন, জামাল মোড়ল, সিরাজ উদ্দিন সেন্টু প্রমুখ।

নাগরিক নেতারা বলেন, মহানগরীর গল্লামারীর ময়ূর নদের ওপর পুরোনো সেতুর পাশাপাশি ২০১৬ সালে ৭ কোটি টাকা ব্যয়ে আরেকটি নতুন সেতু নির্মাণ করা হয়। কিন্তু অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায় ময়ূর নদ রক্ষা ও নৌযান চলাচল বিবেচনায় না থাকায় কয়েক বছরের মধ্যে সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ এবং ঢাকার হাতিরঝিলের আদলে পাশাপাশি দুটি সেতু নির্মাণের জন্য ২০২০ সালের ১ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভায় প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ২০২৩ সালের ১২ অক্টোবর নতুন সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, ২০২৩ সালের ১৫ নভেম্বর আগের সেতুটি ভাঙার কাজ শুরু হয়। নতুন সেতুর নির্মাণকাজের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ হয়নি। কাজের মেয়াদ ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত দ্বিতীয় দফায় বাড়ানো হয়। পরে আবার ২০২৫ সালের মে মাসের মধ্যে কাজ শেষ করার শর্তে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে ৬৭ কোটি ৭৭ লাখ টাকার কার্যাদেশ দেয় সড়ক বিভাগ।

পরিকল্পনা অনুযায়ী, এখানে ঢাকার হাতিরঝিলের আদলে দৈর্ঘ্য ৬৮.৭০ মিটার দৈর্ঘ্য, ১৩.৭০ মিটার প্রস্থ ও ৫ মিটার উচ্চতাবিশিষ্ট দুটি সেতু নির্মাণের কথা রয়েছে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পরিবর্তনের পর হঠাৎ বন্ধ হয়ে যায় সেতুর নির্মাণকাজ। এ নিয়ে আন্দোলনের মুখে সড়ক বিভাগ কাজ শুরুর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিঙ্গাপুর সফরের আগের দিন সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

বাঁচা-মরার লড়াইয়ে সব ধ্বংসের পথ বেছে নেবে তেহরান

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত