পাহাড়ের প্রত্যন্ত জনপদে চিকিৎসাসেবায় লক্ষ্মীছড়ি সেনা জোন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নের বড়পাড়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসাসেবার সীমাবদ্ধতা ও বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে দূরে যাওয়ার ভোগান্তির মধ্যে এই উদ্যোগে স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার সকালে বড়পাড়ার লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০০ রোগীকে এ চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। সেনাবাহিনীর চিকিৎসকের পাশাপাশি খাগড়াছড়ি থেকে আসা চক্ষুরোগ বিশেষজ্ঞ কেয়াচিং মারমা ও চর্মরোগ বিশেষজ্ঞ ত্রিলোক চাকমা রোগীদের চিকিৎসা দেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার বাইরে উন্নত চিকিৎসাসেবার সুযোগ সীমিত। জটিল রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য অনেককে খাগড়াছড়ি জেলা সদরে যেতে হয়। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয় রোগীদের।
বড়পাড়ার বাসিন্দা রামচন্দ্র ত্রিপুরা বলেন, ‘আমাদের এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে অনেক কষ্ট করতে হয়। উপজেলা সদরে যেতে সময় ও টাকা দুটোই লাগে। এখানে চিকিৎসক দেখাতে পেরে আমরা উপকৃত হয়েছি। এ ধরনের উদ্যোগ নিয়মিত নেওয়া হলে আমাদের অনেক উপকার হবে।’
লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদারে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় লক্ষ্মীছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর নাহিয়ান ইমতিয়াজ, বর্মাছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিফাত ইবনে আলম, মেডিকেল কর্মকর্তা ক্যাপ্টেন শাকিল, দুই বিশেষজ্ঞ চিকিৎসক ও বর্মাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী উপস্থিত ছিলেন।









