Ajker Patrika

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সহায়তায় কাটল পানিসংকট, উপকৃত ৪০০ পরিবার

নিজস্ব প্রতিনিধি, রামগড়
দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সহায়তায় কাটল পানিসংকট, উপকৃত ৪০০ পরিবার
মাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় স্থাপন করা হয়েছে পানির ট্যাংক। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির দুর্গম এলাকা লক্ষ্মীছড়ির দুল্যাতলী ইউনিয়ন। এখানে পাহাড়ি পথ যেন মানুষের মধ্যে যোজন যোজন দূরত্ব তৈরি করেছে। অনেকটা প্রকৃতির দয়ার ওপর নির্ভর করেই তাঁদের টিকে থাকা। তবে সে টিকে থাকাও নিরন্তর শ্রম আর সাধ্য সাধনায়। শুকনো মৌসুমে সামান্য সুপেয় পানিও তাঁদের দুর্গম পথ বেয়ে ছড়া থেকে সংগ্রহ করে আনতে হয়। এমনি পরিস্থিতিতে দুল্যাতলী ইউনিয়নের মাগড়াছড়ি পাড়ায় পানির ব্যবস্থা করেছে সেনাবাহিনী।

মাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় স্থাপন করা হয়েছে পানির ট্যাংক। সৌর বিদ্যুতের মাধ্যমে চালিত পাম্প দিয়ে ভূ-গর্ভস্থ পানি সংগ্রহ করা হবে। সেই পানি বিদ্যালয়ের আঙিনায় থাকা বিশাল পানির ট্যাংকে সংরক্ষিত থাকবে। ট্যাংকের কল থেকে সরাসরি সংগ্রহ করা যাবে এ পানি। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার প্রায় ৪০০ পরিবার উপকৃত হবে।

আজ সোমবার সকালে এ পানির ট্যাংকের উদ্বোধন করেন দুল্যাতলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাথির মুস্তফা নাবিল। এ সময় ক্যাম্পের জেসিও ওয়ারেন্ট অফিসার আলমগীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল বিন্দু চাকমা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্ব মাগড়াছড়ি পাড়ার বাসিন্দা সুমিতা চাকমা বলেন, ‘আমাদের এই এলাকাটি অনেক দুর্গম। দৈনন্দিন কাজে পানির ব্যবস্থা করা সহজ নয়। বিদ্যালয়ে পানির ট্যাংক স্থাপন করায় শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার পরিবারগুলোরও উপকার হবে। এ উদ্যোগের জন্য আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।’

দুল্যাতলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাথির মুস্তফা নাবিল বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী সব সময় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় মানুষের প্রয়োজন বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোন এ উদ্যোগ বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও জনসাধারণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত