
খাগড়াছড়ির দক্ষিণাঞ্চলের গহীন অরণ্যে দিন দিন বাড়ছে মুখী কচুর চাষ। টিলা পাহাড়ের অনাবাদি জমিতে এই ফসল চাষ করে পাহাড়ি-বাঙালি উভয়ই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বছরজুড়ে। লাভজনক হওয়ায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গিয়ে কচু চাষ করছেন চাষিরা। তবে একই জমিতে পরপর মুখী কচু চাষে ফলন ভালো না হওয়ায় চাষের জন্য নতুন টিলা খুঁজতে হচ্ছে তাঁদের।
চাষিরা জানাচ্ছেন, এই চাষে একদিকে যেমন প্রচুর শ্রম প্রয়োজন, তেমনি আর্থিক ঝুঁকিও আছে। একাধিক সশস্ত্র সংগঠনের চাঁদার ভয় ও বাজারে সারের সংকট থাকায় অনেকে মুখ খুলতে চান না।
চাষিরা বলেন, মুখী কচু চাষে একদিকে আয় বাড়ছে, অন্যদিকে বনজঙ্গল পরিষ্কার করে নতুন টিলা প্রস্তুত করতে হচ্ছে। কচু লাগানোর উপযুক্ত সময় চৈত্র মাস। এরপর বৃষ্টিপাত হলেই বীজ গজায়, তখন শুরু হয় খেত পরিচর্যার কাজ। আশ্বিন-কার্তিক মাসে ফসল সংগ্রহ শুরু হয়।
মানিকছড়ি উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত মৌসুমে উপজেলায় ৭৮ হেক্টর জমিতে কচু চাষ হয়। এবারে চাষের পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কৃষি বিভাগ বলছে, পুরো দক্ষিণাঞ্চলে (মাটিরাঙ্গা, গুইমারা, মহালছড়ি, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি) গতবার প্রায় ৫০০ হেক্টর টিলায় কচু চাষ হয়।

চাষি রাজু বলেন, মুখী কচু পরিশ্রমসাধ্য ও প্রকৃতিনির্ভর ফসল। অনাবাদি জমিতে এটি ভালো হয়। আবহাওয়া অনুকূলে থাকলে মুখী কচু চাষে ভাগ্য বদলায় অনেকের। তবে বর্তমানে সারের সংকট ও মূল্যবৃদ্ধি সমস্যার সৃষ্টি করছে। তিনি জানান, ৫০ কেজির এক বস্তা টিএসপি সারের সরকার নির্ধারিত মূল্য ১,৩৫০ টাকা হলেও অনেককে কিনতে হয়েছে ১,৭০০ থেকে ১,৮০০ টাকায়।
শ্রমিক আবদুল করিম বলেন, ‘কচু খেতে সারাবছর কাজ থাকে। ভালো মজুরি মেলে। নারী-পুরুষ মিলেই কাজ করে জীবিকা নির্বাহ করা যায়।’
শ্রমিক মংশে মারমা বলেন, ‘এই কাজ না থাকলে আমাদের পাহাড়ি জনপদে সংসার চালানো কঠিন হয়ে যেত।’
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চাষি জানান, কচু চাষে সবাই সফল হন না। একই জমিতে পরপর কচু চাষে ফলন কমে যায়। তাই তাঁরা এক-দুই বছর জমি অনাবাদি রেখে পরবর্তী চাষ করেন। কেউ কেউ বনজঙ্গল পরিষ্কার করে নতুন টিলা তৈরি করেন।
তাঁরা আরও বলেন, কয়েকটি সশস্ত্র সংগঠনকে বাধ্যতামূলক বার্ষিক চাঁদা দিতে হয়। এ কারণে লাভ-লোকসান, আবাদি জমির পরিমাণ ইত্যাদি তথ্য অনেক সময় গোপন রাখতে হয়।

চাষিরা জানান, মুখী কচুর গাছের গোড়ায় এই সময়ে প্রচুর পরিমাণে টিএসপি সার দিতে হয়। প্রতি ৪০ শতকে ১৫০–২০০ কেজি টিএসপি ব্যবহার করতে হয়। ফলে সারের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সংকট দেখা দেয়।
মানিকছড়ি ফার্টিলাইজার সমিতির সভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভারী বর্ষণের কারণে সাগর থেকে জাহাজে করে সার আনলোডে সমস্যা হয়েছিল। এখন সংকট কেটে গেছে।’ তিনি বলেন, মানিকছড়িতে চাহিদা বেশি হলেও অন্য উপজেলা থেকে এসে এখান থেকেই সার কেনে চাষিরা, তাই সরবরাহে চাপ পড়ে।
মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান বলেন, ‘গতবার ৭৮ হেক্টর জমিতে কচু চাষ হয়েছিল, এবার সেটি আরও বাড়বে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা খরার প্রভাব না পড়লে কচু লাভজনক ফসল। সার সংকট এখন নেই।’

নওগাঁর বদলগাছী উপজেলায় কাজ করতে এসে নিখোঁজ হওয়া এক রাজমিস্ত্রির মরদেহ ১৮ দিন পর একটি শ্মশানঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রামের মরাপুতি শ্মশানঘাটের একটি আমগাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগে
সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামি আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে রিমন সম্প্রতি চন্দনপুরায় ব্যবসায়ীর বাড়িতে সংঘটিত গুলির ঘটনায় প্রধান পরিকল্পনাকারী ও সমন্বয়কারী হিসেবে ছিলেন। মূলত তিনি পর্দার অন্তরালে থেকে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের....
৩০ মিনিট আগে
সাইফুর রহমান বলেন, ‘নৌকার জন্য ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হয়। এতে মূল্যবান সময় নষ্ট হয়। জরুরি প্রয়োজনে নদী পার হতে দ্বিগুণ ভাড়া গুনতে হয়। রাত ১০টার পর নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। তখন আর বাড়ি ফেরা সম্ভব হয় না। অনেক সময় ১০ টাকার নৌকা ভাড়া ১০০ থেকে ৫০০ টাকা দিতে হয়।
২ ঘণ্টা আগে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
৩ ঘণ্টা আগে