জয়পুরহাট সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার তেঘর পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তেঘর পালপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলমান আছে।










