
যশোরে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। ভাইয়ের হাতে ভাই খুন, বোমা কিংবা নৃশংসভাবে কুপিয়ে হত্যা আবার ধর্ষণ শেষে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার মতো আলোচিত ঘটনাও রয়েছে। গত ১ মে থেকে চলতি মাসের ১৫ জুন পর্যন্ত দেড় মাসে জেলায় শিশুসহ ১৩ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১৩ দিনেই ৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এসব ঘটনা তদন্তে বেরিয়ে এসেছে স্থানীয় আধিপত্য বিস্তার, তুচ্ছ বিষয় ও পারিবারিক অন্তর্কলহ। অবশ্য পুলিশ অধিকাংশ ঘটনায় দ্রুত জড়িত ব্যক্তিদের আটক করতে পারলেও প্রাণহানি থেমে নেই। তবে এ ধরনের হত্যাকাণ্ড রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নেওয়ার পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির সুপারিশ আইনজীবী ও মানবাধিকার কর্মীদের।
দেড় মাসে ১৩ হত্যাকাণ্ড
আড়াই মাস আগে কুয়েত থেকে দেশে ফেরেন যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামের হাসান শেখ (২৭)। বাড়ি আসার কয়েক দিন পরে বিয়েও করেন। প্রতিদিনের মতো গত শনিবার রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন হাসান। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেন স্বজনেরা। রোববার সকালে নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন একটি মাছের ঘেরের পাড় থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পূর্বশত্রুতা কিংবা বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
৭ জুন ঈদে ফুফুবাড়িতে বেড়াতে যান ঝিকরগাছা উপজেলার চাঁদপুর গ্রামের ১০ বছরের শিশু সোহানা। ঈদের দিন বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে নয়ন সোহানাকে জাপটে ধরে তার রুমে নিয়ে যায়। সেখানে সে সোহানার গলা ও মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে সোহানা শ্বাসরোধে মারা যায়। এরপর নয়ন লাশ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দিয়ে নিখোঁজ হওয়ার খবর প্রচার করে। পরে পুলিশ তদন্তে এই হত্যার রহস্য উদ্ঘাটন করে। এগুলো ছাড়া দেড় মাসে বিভিন্ন সময়ে মোট ১৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিএনপির ৩ নেতা-কর্মী খুন
ঈদুল আজহার রাতে বেনাপোল ডুবপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হাতে আব্দুল হাই (৫০) নামের এক বিএনপিকর্মী মারা যান। তাঁকে বোমা মেরে হত্যা করা হয়। পুলিশ জানায়, সকালে ডুবপাড়া গ্রামে আওয়ামী লীগের সমর্থক কিছু লোকজন ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করতে গেলে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জামসের আলীর ছেলে আবু সাঈদ (৩৫) তাঁদের নামাজ আদায় করতে বাধা দেন। এ নিয়ে বিরোধ হয়। পরে রাতে দুর্বৃত্তরা আব্দুল হাইয়ের ওপর বোমা নিক্ষেপ করে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
২২ মে রাতে অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তরিকুল ইসলাম (৫০) নামের এক কৃষক দলের নেতা নিহত হয়েছেন। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি ছিলেন। তাঁকে ডেকে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘের ব্যবসার বিরোধ এবং আধিপত্য নিয়ে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় মামলা হলে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
এ ছাড়া মঙ্গলবার রাতে বেনাপোলে বিএনপির কর্মী নিহত লিটনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে লিটনকে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয় আধিপত্য ও পূর্ববিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায় পুলিশ।
রাজনৈতিক অস্থিরতা দায়ী
জানতে চাইলে ব্লাস্ট যশোর ইউনিটের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘একটি দেশে রাজনীতির সঙ্গে সমাজনীতি, অর্থনীতি জড়িত। যখন রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বিরাজ করে, তখন সমাজটা অস্থির হয়ে যায়। এই অস্থিরতার বহিঃপ্রকাশ এটা। পারিবারিক-সামাজিক বন্ধন ও ধর্মীয় মূল্যবোধ দিন দিন দুর্বল হয়ে যাওয়া; স্বার্থপরতা; পারিবারিক শাসন না থাকায় ঘটনাগুলো ঘটছে। তিনি বলেন, সরকার যদি কঠোর হয় এবং পুলিশ কাজ করার ক্ষেত্রে আরও সাহসী ভূমিকা নিতে পারে তাহলে হত্যাকাণ্ড কমে আসবে। একই সঙ্গে পারিবারিক ও সামাজিক নৃশংসতা প্রতিরোধের জন্য বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে, যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।’
হত্যাকাণ্ড বন্ধে পুলিশকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়ে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাবেরুল হক সাবু বলেন, ‘আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য দিন দিন কমে যাচ্ছে। সম্পর্কের বন্ধনগুলো মজবুত হলে, সহনশীলতা বৃদ্ধি পেলে, সব ধরনের অপরাধ কমে আসবে।’
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী বলেন, ‘সাম্প্রতিক সময়ে যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলো আমরা পর্যালোচনা করেছি। হত্যাকাণ্ডগুলো কোনো নির্দিষ্ট ঘটনায় ঘটেনি। পারিবারিক, জমিজমা, পূর্ব শত্রুতার ভিত্তিতে অধিকাংশ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের তৎপরতার কারণে কিছু হত্যাকাণ্ড প্রতিরোধ করতে পেরেছি। আর যেগুলো প্রতিরোধ করতে পারিনি, সেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। পুলিশের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে।’

মৌলভীবাজারে কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বোরো ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে। টানা বৃষ্টি হলে জলাবদ্ধতা ও আগাম বন্যা হওয়ার আশঙ্কাও রয়েছে জেলার নিম্নাঞ্চলে। এতে কৃষকেরা পাকা বোরো ধান কেটে নির্বিঘ্নে ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান। বোরো ধানচাষিরা জানান, বৈশাখের শুরু থেকেই জেলার
২৩ মিনিট আগে
এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রাঙামাটিতে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ৬ তলা ভবন উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান হাসপাতালের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, ‘আজ ভবনের উদ্বোধন হলো। ধাপে ধাপে সব হবে।
২৬ মিনিট আগে
মিছিলে-স্লোগানে মুখরিত হয়ে উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। আজ সোমবার সকাল থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে যেতে শুরু করেছেন দলীয় নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
দেশের পর্যটন খাত, বিশেষ করে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতের উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে পর্যটন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
১ ঘণ্টা আগে