Ajker Patrika

২১৭ বোতল ভারতীয় মদ নিয়ে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার পাঁচ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
২১৭ বোতল ভারতীয় মদ নিয়ে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার পাঁচ
জব্দ করা মদ ও গ্রেপ্তার আসামিরা। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয়সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের জামালপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আমান উল্লাহ আমান উদয় (২৭) ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ধানুয়া কামালপুরের বৈষ্ণব পাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।

পুলিশ ও ডিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে মদের একটি বড় চালান আসার গোপন খবরের ভিত্তিতে ডিবি-১ এর একটি অভিযানকারী দল বৈষ্ণব পাড়ায় সুজাত মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ২১৭ বোতল মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ছাড়া ঘটনাস্থল থেকে ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত