কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীর মরদেহ দেশে

কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতের ১২ দিন পর হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ভুগলী গ্রামের জিয়াউর রহমান জিয়ার মরদেহ দেশে পৌঁছেছে। আজ রোববার সকালে ফ্রিজিং গাড়িতে তাঁর মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ।
জিয়াউর রহমান জিয়া ভুগলী গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে। জীবিকার তাগিদে এক যুগের বেশি সময় ধরে তিনি কুয়েতে ছিলেন।
১২ অক্টোবর কুয়েতে সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান জিয়া মারা যান। মৃত্যুর পর থেকে দেশে থাকা পরিবারের সদস্যরা তাঁর মরদেহের অপেক্ষায় ছিলেন।
আজ সকালে মরদেহ বাড়ির আঙিনায় পৌঁছানোর পর স্বজন, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহত জিয়ার বড় ভাই সাজিদুর রহমান জানান, বাদ আসর ভুগলী গ্রামে নিজ বাড়িতে জিয়াউর রহমান জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জিয়াউর রহমান জিয়া মা-বাবা, স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।









