হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গভীর রাতে সংঘর্ষ, তরুণ নিহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকিব মিয়া (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে বক্তারপুর ও কদুপুর গ্রামের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কদুপুর গ্রামের তিনজন আহত হন। আহতদের মধ্যে রাকিব মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
রাকিব মিয়া বানিয়াচং উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের বাসিন্দা। তিনি হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক। তিনি জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।









