Ajker Patrika

কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন মেকাইল ইসলাম (২৫), রিয়াদ শেখ (১৮), জিহাদ তালুকদার (১৮), দিনু ইসলাম (১৭), আরমান শেখ (১৯), রিয়াজ শেখ (২৫), কাওসার তাজ (৪০), সাদেক মোল্লা (২৩) ও রিফাত তাজ (১৫)।

মান্দ্রা-রাধাগঞ্জ গ্রামের যুবকেরা ২৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। আজ রোববার চৌরখুলী একাদশ ও উত্তরপাড়া একাদশের মধ্যে সেমিফাইনাল খেলা চলছিল।

খেলার সময় উত্তরপাড়া একাদশের একজন খেলোয়াড়কে রেফারি লাল কার্ড দেন। এ নিয়ে উত্তরপাড়া একাদশের খেলোয়াড়দের সঙ্গে রেফারি ও কমিটির লোকজনের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কমিটির লোকজন উত্তরপাড়া একাদশের খেলোয়াড় ও সমর্থকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

উত্তরপাড়া একাদশের সমর্থক আমিনুল ইসলাম বলেন, ‘খেলার মধ্যে আমাদের দলের খেলোয়াড়কে চৌরখুলী একাদশের এক খেলোয়াড় ঘুষি ও লাথি মারে। এই ঘুষি ও লাথির প্রতিবাদ করলে কমিটির লোকজন আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের অন্তত ৯ জন আহত হয়েছে।’

মান্দ্রা-রাধাগঞ্জ টুর্নামেন্টের সভাপতি দুলাল শেখ বলেন, ‘আমরা কাউকে মারধর করিনি। খেলা দেখতে আসা সমর্থকেরা তাঁদের মারধর করেছে। আমাদের ওপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত