Ajker Patrika

গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৮: ৩৫
গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সাঘাটায় বসতঘরে আগুন লেগে খোরশেদ আলী মণ্ডল (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মারা গেছে। এ ছাড়া আরও তিনটি গবাদিপশু দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

আজ শুক্রবার ভোররাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের চর হলদিয়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত খোরশেদ আলী মণ্ডল ওই গ্রামের শাহ আলমের বাবা।

শাহ আলম বলেন, শুক্রবার ভোররাতে খড়ের গাদার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পাশের বসতঘরে লাগে। আগুন নেভানোর আগেই বাবার মৃত্যু হয়। এ সময় কয়েকটি গবাদিপশুর পাশাপাশি ঘরের আসবাবপত্রও পুড়ে যায়। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।

সাঘাটা ফায়ার স্টেশনের ম্যানেজার মো. তোফাজ্জল হোসেন বলেন, এ বিষয়ে কেউ আমাদের কোনো তথ্য জানাননি। হয়তো নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির বিবরণসহ আবেদন করলে বিষয়টি যাচাই করে সরকারি সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত