Ajker Patrika

বিষক্রিয়ায় শতাধিক হাঁস-মুরগি মেরে ফেলার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

গাইবান্ধা প্রতিনিধি
বিষক্রিয়ায় শতাধিক হাঁস-মুরগি মেরে ফেলার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
গাইবান্ধার পলাশবাড়ীতে বিষ প্রয়োগ করে শতাধিক হাঁস-মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে তিন প্রতিবেশীর বিরুদ্ধে। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে বিষ প্রয়োগ করে শতাধিক হাঁস-মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে তিন প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় মোছা. কমেলা বেগম নামে এক নারী পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন।

কমেলা বেগম উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মো. দুখু মিয়ার স্ত্রী।

অভিযুক্তরা একই গ্রামের মৃত আদা মিয়ার ছেলে মো. অছু মিয়া (৫৫), মো. আব্দুল হাই (৫২) ও আব্দুল হাইয়ের স্ত্রী মমিনা বেগম (৫০)।

অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে অছু মিয়ার পরিবারের সঙ্গে কমেলা বেগমের পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত করা, মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

গতকাল শনিবার সকালে খোঁয়াড় থেকে হাঁস-মুরগি ছেড়ে দেন কমেলা বেগমের পরিবারের সদস্যরা। সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির আশেপাশে দেখতে পান প্রায় ১৭০টি হাঁস-মুরগি পড়ে রয়েছে। হাঁস-মুরগিগুলো বিষক্রিয়ায় মারা গেছে বলে দাবি করেন তাঁরা। এতে প্রায় ১ লাখ ২ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন কমেলা বেগম।

কমেলা বেগমের অভিযোগ, বিষয়টি অভিযুক্তদের জানালে তাঁরা হুমকি দিয়ে বলেন—‘আজ শুধু হাঁস-মুরগি বিষ দিয়ে মেরেছি, ভবিষ্যতে পরিবারের লোকজন ও ছোট শিশুদেরও বিষ প্রয়োগসহ যে কোনো উপায়ে হত্যা করা হবে।’

কমেলা বেগম বলেন, ‘হাঁস-মুরগিগুলো মারা যাওয়ার কারণ তদন্ত করে বের করা হোক। একই সঙ্গে আমাদের পরিবারকে দেওয়া হুমকির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হোক।’

অভিযুক্ত অছু মিয়া ও আব্দুল হাইয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

পলাশবাড়ীর হরিণাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন আলী আজ বিকেলে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। এখানে বেশ কিছু অভ্যন্তরীণ বিষয় রয়েছে। বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করতে বলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত