যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, হাসপাতালে মৃত্যু

সংসারের হাল ধরতে কিস্তিতে ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন আবদুল হক (৪৫)। সেটি চালিয়েই দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে পাঁচ সদস্যের পরিবারের খরচ চালাতেন তিনি। কিন্তু অটোরিকশাটি ক্রয়ের এক মাস না পেরোতেই যাত্রীবেশে আসা দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। তাঁর অটোরিকশাটিও ছিনিয়ে নেওয়া হয়েছে।
আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হকের মৃত্যু হয়। এর আগে গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাংলা বাজার এলাকায় তাঁকে কুপিয়ে অটোরিকশা ছিনতাই করা হয় বলে অভিযোগ উঠেছে।
নিহত আবদুল হক ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের ওসমান হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল হক আগে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পরে শাকসবজি বিক্রি করতেন। প্রায় এক মাস আগে দেড় লাখ টাকা কিস্তিতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ক্রয় করে চালানো শুরু করেন। এই অটোরিকশাই হয়ে উঠেছিল তাঁর পরিবারের আয়ের প্রধান অবলম্বন।
নিহতের বড় ছেলে মোহাম্মদ সিফাত হোসেন বলেন, ‘গতকাল সন্ধ্যায় চাঁদগাজী বাজার থেকে কয়েকজন ব্যক্তি যাত্রীবেশে বাবার অটোরিকশা ভাড়া করে পাঠাননগর বাজারে যাওয়ার কথা বলে। পথে বাংলা বাজার এলাকায় পৌঁছালে বাবাকে মেরে সড়কে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তাঁরা।’
সিফাত হোসেন আরও বলেন, ফেসবুকে বাবার আহত হওয়ার ছবি দেখে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বাবা কিস্তিতে এই অটোরিকশা কিনেছিলেন, এক মাসও হয়নি। এখন বাবা নেই, অটোও নেই।
স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মুন্সী আবদুল কাইয়ুম বলেন, অটোরিকশা চালিয়ে পরিবারের খরচ চালাতেন আবদুল হক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে যাত্রীবেশে আসা দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









