সালথায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ (২৬) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদৌস (২৮)। আজ মঙ্গলবার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, দুজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনের নামেই বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
গট্টি ইউনিয়নের আগুলদিয়া এলাকা থেকে আজ বিকেলে ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার গ্রামের বাড়িতে আসেন ফিরোজ। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে দুপুরে উপজেলা সদর থেকে এ এস এম ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়। তিনি রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফেরদৌস আত্মগোপনে যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর কয়েক দিন ধরে তিনি গোপনে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। দুপুরে সালথা থানা রোড এলাকায় ঘোরাফেরার সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
ফেরদৌসের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে তাঁর সোনালী ব্যাংকে ব্যবস্থাপক পদে যোগ দেওয়ার কথা ছিল।
ওসি বাবলুর রহমান খান বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ফেরদৌসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে পাঠানো হবে।









