
গত কয়েক দিনের তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলার জনজীবন। এতে উপজেলায় ডায়রিয়া, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও শ্রমজীবী মানুষ।
গতকাল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, ৫০ শয্যার এই হাসপাতালে ভর্তি রয়েছে ৬৯ জন রোগী। এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত ১৫, জ্বরে আক্রান্ত ৩ জন ও হিট স্ট্রোকে আক্রান্ত ১ জন রোগী চিকিৎসাধীন। অতিরিক্ত রোগীর তুলনায় জনবল কম থাকলেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় অনেকে বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে উপজেলায় ডায়রিয়া, জ্বর ও হিট স্ট্রোকের প্রকোপ বেড়েছে। প্রতিদিন জরুরি বিভাগে গড়ে ২৫-৩০ জন ডায়রিয়া, ৫৫-৬০ জন জ্বর এবং ৫-৭ জন হিট স্ট্রোকে আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসছে। ঈদের পরের দিন থেকে প্রতিদিন গড়ে ১৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, ১১ জুন দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর ১২টায় তাপমাত্রা দাঁড়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ।
উপজেলার ছাতিয়ানগড় এলাকা থেকে আসা দেলোয়ার ইসলাম বলেন, ‘ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছি। আমার আট বছরের ভাতিজার হঠাৎ করে বমি ও পাতলা পায়খানা শুরু হলে হাসপাতালে ভর্তি করি। এখন সে অনেকটা সুস্থ।’
পাকেরহাট এলাকার ডায়রিয়ায় আক্রান্ত রোগী শামসুল হক (৪২) বলেন, ‘আমি দিনমজুর, গরমে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। পরে জরুরি বিভাগে এলে চিকিৎসকের পরামর্শে ভর্তি হই।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জ বৃষ্টি রায় আজকের পত্রিকাকে জানান, বর্তমানে ওয়ার্ডে গড়ে প্রতিদিন ১৫ জনের বেশি ডায়রিয়া রোগী ভর্তি থাকছে। রোগীদের চাপ বাড়লেও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন তাঁরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শামসুদ্দোহা মুকুল বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া, জ্বর, বমি ও হিট স্ট্রোকের রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রতি সতর্ক থাকতে হবে। পাতলা পায়খানা শুরু হলে শিশুকে বারবার খাবার স্যালাইন ও বুকের দুধ খাওয়াতে হবে। প্রয়োজনে দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দিচ্ছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোক ও পানিশূন্যতা থেকে শুরু করে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। এ জন্য স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

হামে আক্রান্ত স্বামী ও পরপর দুই মেয়েকে নিয়ে গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে বিবি জৌতিকে। পরিবারের একাধিক সদস্য অসুস্থ হওয়ায় চিকিৎসার ব্যয় মেটাতে তাঁকে হিমশিম খেতে হচ্ছে।
২৮ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ আহরণের সময় ৮ জন জেলেকে আটক করেছে প্রশাসন। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ি পরিচালিত যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
৩২ মিনিট আগে
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান রনি বলেন, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশ ইন গ্রহণযোগ্য নয়। বিএসএফের যেকোনো পুশ ইনের চেষ্টা প্রতিহত করা হবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
৩৫ মিনিট আগে
বক্তারা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। ছাত্রলীগের নামে কেউ যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
১ ঘণ্টা আগে