
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাহিদ খান পাভেল নামে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ৩টার পর এই ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত রাহিদ খান পাভেল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। রাহিদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী তাঁকে ক্যাম্পাস ও থানার ভেতরে ইট, বেল্ট এবং মোটরসাইকেলের লক দিয়ে আঘাত করেছেন।
রাহিদ জানান, তাঁকে প্রথমে এস এম হলের সামনে এবং পরবর্তীতে ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে মারধর করা হয়। এরপর কবি কাজী নজরুল ইসলামের সমাধির সামনে এবং শাহবাগ থানার সামনেও তাকে মারধর করা হয়। তাঁর দাবি, ‘থানার ভেতরে যখন আমাকে মারছিল, তখন পুলিশ আমাকে রক্ষা করেছে।’
ঘটনার সময় উপস্থিত থাকা জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ গণমাধ্যমকে জানান, জুলাই আন্দোলনের সময় রাহিদ হামলাকারী হিসেবে সক্রিয় ছিলেন। এর আগেও তাঁকে আটক করে থানায় দেওয়া হয়েছিল এবং তিনি আর ক্যাম্পাসে আসবেন না—এমন শর্তে তাঁর বাবা-মা তাঁকে নিয়ে গিয়েছিলেন। সাইফুল্লাহ আরও অভিযোগ করেন, ‘রাহিদ ইদানীং ক্যাম্পাসে সাবেক ছাত্রলীগারদের নিয়ে ইফতার মাহফিল ও প্রোগ্রাম করছে এবং ছাত্রলীগের পোস্টারিং করেছে। তাকে ধরার পর ফোন চেক করতে চাইলে সে উল্টো প্রতিক্রিয়া দেখায়, যার ফলে তাকে আটক করে থানায় দেওয়া হয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মোহাম্মদ সাকিবও দাবি করেন, রাহিদ একজন ‘কট্টর ছাত্রলীগার’ ছিলেন এবং হল ও বিভাগ থেকে তিনি বহিষ্কৃত। তবে অভিযুক্তরা রাহিদের কোনো নির্দিষ্ট পদবি বা কমিটির তথ্য নিশ্চিত করতে পারেননি।
রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে রাহিদ বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমি নিয়মিত ক্লাস করি এবং একজন নিয়মিত শিক্ষার্থী। প্রয়োজনে আমার বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখতে পারেন।’
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) খোকন মিয়া গণমাধ্যমকে জানান, রাহিদকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে আইনি প্রক্রিয়া চলমান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

রাজধানীর কাফরুলে যুবদলকর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাত আসামির মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিতে আসামিরা কি বলেছেন তা বিস্তারিত জানা না গেলেও তারা হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে...
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
গত শনিবার উপজেলার বেতকা ইউনিয়নের বেতকা বাজার ও ছটফটিয়া এলাকার সাকিনন্থ একো কোল্ডস্টোরেজসংলগ্ন খাল ও ধলেশ্বরী শাখানদীর তীরবর্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফ।
১ ঘণ্টা আগে
উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন তাঁর ব্যক্তিগত কক্ষে বসে ঘুষের ওই টাকা নেন। ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভূমি কর্মকর্তা সরোয়ার তাঁর অফিসের একটি কক্ষের চৌকিতে বসে টাকা গুনে পকেটে রাখেন। পরে নিজের চেয়ারে গিয়ে বসে বলেন, ‘এক মাসের মধ্যে কাজ শেষ করে দেওয়া হবে।’
১ ঘণ্টা আগে