
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। ভবনের জানালার থাই গ্লাস খুলে নিয়ে যাওয়ার এ ঘটনাকে ‘পরিকল্পিত নাশকতা’ বলে সন্দেহ করছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।
আজ শুক্রবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কয়েকজন দুষ্কৃতকারী অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলার লিফটের সামনের জানালার দুটি থাই গ্লাস খুলে ফেলে। দুটির মধ্যে একটি ভবনের পেছন দিক দিয়ে নিয়ে যেতে সক্ষম হলেও অন্যটি নিতে পারেনি তারা।
অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানায়, রাতে শব্দ শুনে কার্যালয়ের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দুষ্কৃতকারীদের ধাওয়া করেন। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। সকালে বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে জানানো হয়। তবে অ্যাটর্নি জেনারেল ঘটনাটিকে সাধারণ চুরির ঘটনা হিসেবে দেখছেন না। তাঁর ভাষ্য, এটি নাশকতামূলক কর্মকাণ্ডও হতে পারে। সম্প্রতি অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে ঘিরে অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে, এসবের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির ইন্ধন থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাটর্নি জেনারেল তাৎক্ষণিকভাবে প্রশাসনিক কর্মকর্তাকে থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন।
এ বিষয়ে শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল মজুমদার বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে বলে শুনেছি। প্রাথমিকভাবে জানা গেছে, জানালার গ্লাস খুলে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
৩ ঘণ্টা আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৩ ঘণ্টা আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
৪ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
৪ ঘণ্টা আগে