প্রধানমন্ত্রীর ভিশন ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়নে প্রস্তুত আছি: ডিএনসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীর ভিশন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে প্রস্তুত আছি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ভিশন ‘আই হ্যাভ এ প্ল্যান’, সেটাকে বাস্তবায়ন করার জন্য যা যা করণীয় আমরা সেটা করতে প্রস্তুত আছি।” এই কাজে বাধা দেওয়ার জন্য, একটি পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ রোববার বিকেলে রাজধানীর হাতিরঝিলের মগবাজার আউট ডোর সংলগ্ন নগর বাগান প্রকল্পের কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। নগর বাগান কার্যক্রম বাস্তবায়ন করছে ফিনিস গ্রুপের সহযোগিতায় ‘ফুটস্টেপস’ নামের একটি সংগঠন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ঢাকাকে আমরা ক্লিন করব, ঢাকাকে আমরা সবুজায়ন করব। আমরা মনে করি, এই ঢাকাতে বাসযোগ্য করার মতো যে উদ্যোগগুলো গ্রহণ করার কথা, ইতিমধ্যেই সেই পদক্ষেপ ফুটস্টেপস নিয়েছে। তাঁদের এই কাজ কিন্তু মগবাজার দিয়ে শেষ নয়। উত্তরাতে আছে, মোহাম্মদপুরে চলছে, মিরপুরে চলমান আছে।’
প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আমার প্রিয় নগরবাসীর কাছে একটা আবেদন করতে চাই, আপনাদের দেওয়া ট্যাক্সের টাকায় সিটি করপোরেশন চলে। তাই উপহার হিসেবে আপনাদের নাগরিক অধিকার নিশ্চিত চাই। আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে নাগরিক অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনবান্ধব নগর গড়ার কর্মসূচি সফল ও সার্থক করব। তিনি বলেন, জনগণের সহযোগিতা পেয়েছি বিধায় মিরপুরের মত জায়গায় দীর্ঘ বছরের জঞ্জাল আমরা সফলভাবে শেষ করতে পেরেছি।









