পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অননুমোদিত পদে জনবল নিয়োগ এবং তাঁদের বেতন-ভাতা পরিশোধের মাধ্যমে সরকারের ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা ক্ষতির অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত ও সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনহীন পদে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদের অতিরিক্ত জনবল নিয়োগের উদ্যোগ নেন ওই দুই কর্মকর্তা। এ জন্য নিয়োগপ্রক্রিয়ায় বাছাই বোর্ডের সদস্যদের অবৈধভাবে প্রভাবিত করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
অভিযোগে আরও বলা হয়, উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগ দিয়ে অবৈধ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে রিজেন্ট বোর্ডের কার্যবিবরণী বা রেজুলেশন তৈরি ও অনুমোদন করা হয়। পরে এসব নিয়োগের বিপরীতে বেতন-ভাতা বাবদ ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা পরিশোধ করা হয়। এতে সরকারের সমপরিমাণ অর্থের ক্ষতি হয়েছে বলে মনে করছে দুদক।
এসব অভিযোগে স্বদেশ চন্দ্র সামন্ত ও সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় মামলা করা হবে বলে জানিয়েছে কমিশন।










